২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৯ অপরাহ্ণ, জুন ২৫, ২০২৪
সিলেটের কোম্পানীগঞ্জে পাথরবাহী ট্রাকসহ তিনজনকে আটকের ঘটনায় পাঁচ ঘন্টা সিলেট-ভোলাগঞ্জ সড়ক অবরোধ করেছে পরিবহন শ্রমিকরা।
মঙ্গলবার (২৫ জুন) সকাল ৭টার দিকে কোম্পানীগঞ্জের বউবাজার, টুকেরবাজার, লাছুখাল, থানাবাজার ও বর্নি এলাকায় সড়কের মাঝে ট্রাক আড়াআড়িভাবে করে রেখে যান চলাচল বন্ধ করে দেন শ্রমিকরা। পরে দুপুর ১২টার দিকে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন শ্রমিকরা।
এদিকে, পাঁচ ঘন্টা সড়ক অবরোধের কারণে রোগীবাহী গাড়ী ও পর্যটকসহ হাজার হাজার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। বেলা ১২টার দিকে অবরোধ প্রত্যাহারের পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।
জানা গেছে, সাদাপাথর পর্যটন কেন্দ্রের ‘সাদাপাথর’ চুরি করে ট্রাক দিয়ে নিয়ে যাচ্ছে এমন খবর পেয়ে সোমবার রাত সাড়ে ১১টায় সিলেট-ভোলাগঞ্জ সড়কের হাইটেকপার্ক এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় পাথরবাহী একটি ট্রাকসহ তিনজনকে আটক করে পুলিশ। পরে মামলা দায়ের করে তাদেরকে আদালতে প্রেরণ করে।
এ ঘটনার জেরে মঙ্গলবার সকাল ৭টায় কোম্পানীগঞ্জের বউবাজার, টুকেরবাজার, লাছুখাল, থানাবাজার ও বর্নি এলাকায় সড়কের মাঝে ট্রাক আড়াআড়িভাবে রেখে সড়ক অবরোধ করেন পারিবহন শ্রমিকরা। এতে সড়কের দুইপাশে শত শত যানবাহন আটকা পড়ে। এসময় তারা শ্রমিকদের মুক্তি ও কোম্পানীগঞ্জ থানার ওসি গোলাম দস্তগীর আহমদের প্রত্যাহার দাবি করেন।
কোম্পানীগঞ্জ শ্রমিক ইউনিয়নের সভাপতি কবির আহমদ জানান, ‘ভোলাগঞ্জ থেকে যারা পাথর চুরি করে পুলিশ তাদেরকে আটক না করে আমাদের ট্রাক ড্রাইভার ও শ্রমিকেরা ভাড়ায় মালামাল পরিবহন করে তাদেরকে আটক করেছে। এ কারণে আমরা শ্রমিকদের মুক্তির দাবিতে সড়ক অবরোধ করেছি।’
কোম্পানীগঞ্জ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান বলেন, ‘পুলিশকে ম্যানেজ করেই পাথর চোরাকারবারিরা ভোলাগঞ্জ থেকে পাথর নিয়ে আসেন। যারা পাথর চুরি করে পুলিশ তাদেরকে আটক না করে আমাদের সাধারণ ট্রাক শ্রমিকদের আটক করে।’
কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মজির উদ্দিন জানান, ‘সকাল ৭টায় সড়ক অবরোধের খবর পেয়ে শ্রমিক নেতাদের নিয়ে উপজেলা প্রশাসনের সাথে বৈঠক হয়েছে। পরে দাবি পূরণের আশ্বাস দিলে বেলা ১২টার দিকে অবরোধ তুলে নেন শ্রমিকরা।’
তিনি বলেন, ‘শ্রমিক নেতারা ২৪ ঘন্টার সময় দিয়েছেন। এসময়ের মধ্যে তাদের চালক ও শ্রমিকদের মুক্তি দেওয়া না হলে বুধবার আবারও অনির্দিষ্টকালের জন্য অবরোধ করার কথা বলেছে। বিষয়টি নিয়ে আমরা উপজেলা পরিষদে আলোচনায় বসেছি। যেভাবে সুন্দর সমাধান হয় সেটা করবো।’

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D