২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ, জুন ২১, ২০২৪
উজানের ঢল ও আর টানা বৃষ্টিতে সিলেট অঞ্চলে আগাম বন্যায় এখন পর্যন্ত ১০ থেকে ১২ হাজার গ্রাহকের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পাশাপাশি যে কোনও পরিস্থিতে সাধারণ মানুষের পাশে থাকার জন্য এই অঞ্চলের সকল বিদ্যুৎ কর্মীর ছুটি বাতিল করা হয়েছে।
শুক্রবার (২১ জুন) বিদ্যুৎ বিভাগ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেটে চলমান বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) সিলেট জোনের বিদ্যুৎ উপকেন্দ্র, লাইন, ট্রান্সফরমার ও বৈদ্যুতিক পোলের ক্ষয়ক্ষতিতে গ্রাহকদের বিশেষ করে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিদ্যুৎ বিভাগ দুঃখ প্রকাশ করছে।
বিতরণ জোনের আওতাধীন সব এলাকাই কম-বেশি বন্যা কবলিত হওয়ায় বৈদ্যুতিক দুর্ঘটনা রোধে নিরাপত্তার স্বার্থে অনেক জায়গায় ট্রান্সফরমারের ফিউজ কেটে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। এছাড়াও, অনেক বসতবাড়ি নিমজ্জিত হয়ে পানি বেড়ে মিটার পর্যন্ত চলে আসায় বৈদ্যুতিক দুর্ঘটনা রোধে বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়েছে। এসকল কারণে বিতরণ জোনের প্রায় ১০ হাজার থেকে ১২ হাজার গ্রাহক বিদ্যুৎবিহীন অবস্থায় আছে।
সূত্র বলছে, পিডিবির সিলেটের অধীনে ৩৩/১১ কেভি মোট ২১টি উপকেন্দ্রের মধ্যে সকল উপকেন্দ্রই বর্তমানে চালু রয়েছে, যার মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ সচল রয়েছে। সিলেটে বিভিন্ন শ্রেণির মোট গ্রাহক সংখ্যা ৫ লাখ ৬১ হাজার ৬৯ জন, সর্বোচ্চ বিদ্যুতের চাহিদা ২২৫ মেগাওয়াট। এই এলাকার ৯টি ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হয়। সিলেট বিভাগে চলমান বৃষ্টিপাত ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার প্রভাবে ৩৩/১১ কেভি ২১টি উপকেন্দ্রের মধ্যে ৭টি উপকেন্দ্রের প্রাঙ্গণে পানি প্রবেশ করলেও নিরাপদ দূরত্বে থাকায় উপকেন্দ্রগুলো চালু অবস্থায় রয়েছে।
প্রাথমিকভাবে পিডিবির আর্থিক ক্ষতির পরিমাণ ৯৪ লাখ টাকা বলে ধারনা করা হচ্ছে। অন্যদিকে আরইবি’র মোট আর্থিক ক্ষতি পরিমাণ ৭৩ লাখ ১৩ হাজার টাকা বলে ধারনা করা হচ্ছে।
আরইবি’র বিতরণ ব্যবস্থার সিলেট অঞ্চলে সমিতির সংখ্যা ছয়টি (সিলেট-১, সিলেট-২, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার ও কিশোরগঞ্জ)। সমিতির মোট ৫৫টি খুঁটি নষ্ট হয়েছে, এরমধ্যে ঠিক করা হয়েছে ৩৭টি। ট্রান্সফরমার নষ্ট হয়েছে ৬০টি। এরমধ্যে ঠিক করা হয়েছে ৪২টি; স্প্যান (তার ছেঁড়া) ৭৫টি, এরমধ্যে ঠিক হয়েছে ৬৬টি; ইন্সুলেটর নষ্ট হয়েছে ২০টি, ঠিক করা হয়েছে ২০টি; মিটার নষ্ট হয়েছে ২৫টি, ঠিক হয়েছে ২৫টি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D