২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৬ অপরাহ্ণ, মে ২৫, ২০২৪
সিলেটের দি ম্যান অ্যান্ড কোম্পানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছেন যুক্তরাজ্য প্রবাসী ফেরদৌসী রহমান। তার কাছে প্লট ও ফ্ল্যট বিক্রি করে কোম্পানি কর্তৃপক্ষ রেজিস্ট্রি করে দিচ্ছেন না বলে তার অভিযোগ।
শনিবার (২৫ মে) দুপুর ২টায় সিলেট জেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
তিনি বাংলাদেশী- ব্রিটিশ নাগরিক এবং বর্তমানে সিলেট মহানগরীর শাহজালাল উপশহরের বাসিন্দা।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে তিনি বলেন, দি ম্যান অ্যান্ড কোম্পানির কাছ থেকে আমি ৭-৮ বছর আগে শাহজালাল উপশহরস্থ স্প্রিং গার্ডেন-২ এর ৪০৫৬ নং ফ্ল্যাট ক্রয় করি। কেনার সময়ই কোম্পানির সম্পূর্ণ বিক্রয়মূল্য পরিশোধ করি এবং শুরু থেকেই ওই ফ্ল্যাট আমার দখলে আছে। কিন্তু এখন পর্যন্ত দি ম্যান এন্ড কোম্পানি আমাকে ফ্ল্যাটটি রেজিস্ট্রি করে দেয়নি। এছাড়া কোম্পানির লোকজন আমাকে ফ্ল্যাটের ভাড়াটিয়া, মালিক নয় বলে বিভিন্ন মহলে বলে বেড়াচ্ছে। এ বিষয়ে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমদ মিছবাহ’র সঙ্গে বৈঠক করলেও কোনো সমাধান পাইনি।
ফেরদৌসী বলেন, এক পর্যায়ে কোম্পানি থেকে তাকে গার্ডেন টাওয়ারের ১০৩১ নং ফ্ল্যাটে স্থানান্তরের প্রস্তাব দেয়া হলেও আমি সম্মত হইনি। হঠাৎ কোম্পানি আমাকে স্প্রিং গার্ডেন-২ এর ৪০৫৬ নং ফ্ল্যাটের সার্ভিস চার্জ বাবদ ১ লাখ ২৬ হাজার টাকার বিল পাঠায়। সেই টাকা পরিশোধের পর জানতে পারি ঠকানোর উদ্দেশ্যে এই বিলে ৬৩ হাজার টাকা অতিরিক্ত ধরা হয়েছে। এ বিষয়ে আমি প্রতিবাদ জানালে তারা আমার ফ্ল্যাটের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এছাড়া প্রায়ই ফ্ল্যাটের বিভিন্ন সার্ভিস বন্ধ করে দেয় ‘দি ম্যান এন্ড কোম্পানি’। ওই ফ্ল্যাটে যাতায়াতের লিফটিও বন্ধ করে দেয়া হয়। আমি হৃদরোগে আক্রান্ত। এতে আমার জীবন ঝুঁকির মুখে।
প্রবাসী ফেরদৌসী আরও বলেন, গার্ডেন টাওয়ারে অবস্থিত ‘দি ম্যান এন্ড কোম্পানি’র একটি ফ্ল্যাট ক্রয় করে সেটি তাদের কাছেই ভাড়া দিয়েছি আমি। এ ফ্ল্যাটের ভাড়া বাবদ কোম্পানিটির কাছে ১৮ লাখ ৬০ হাজার টাকা পাওনা আমার। কিন্তু সে টাকাও পরিশোধ করছে না ‘দি ম্যান এন্ড কোম্পানি’। এছাড়া একই কোম্পানির মালিকানাধীন শাহজালাল উপশহরের এইচ ব্লকের ৪নং রোডের নিকটবর্তী একটি প্লট কিনেন ফেরদৌসী। কিন্তু কেনার পর জানতে পারেন ওই জায়গার কাগজপত্র ঠিক নয়। প্রতারণামূলকভাবে ‘দি ম্যান এন্ড কোম্পানি’ তার কাছে প্লটটি বিক্রি করেছে। এসব বিষয়ে সুবিচার পেতে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী, সিলেটের প্রশাসন এবং দি ম্যান অ্যান্ড কোম্পানির পরিচালকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেছেন ফেরদৌসী রহমান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D