২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৯ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০১৭
নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন নিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে বঙ্গভবনে সংলাপে অংশ নেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের ১৯ সদস্যের প্রতিনিধিদলের সংলাপ শেষ হয়েছে।
বুধবার বিকেল ৪টায় বঙ্গভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের প্রতিনিধিদল প্রবেশ করে। বৈঠক চলে বিকেল ৪টা ৫ মিনিট থেকে বিকেল ৫টা ৩৫ মিনিট পর্যন্ত।
দেড় ঘন্টার বৈঠক শেষে বঙ্গভবন থেকে বেরিয়ে আসার সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উপস্থিত সাংবাদিকদের জানান, ‘রাষ্ট্রপতির সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় ধানমন্ডিতে দলের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।’
রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে আওয়ামী লীগের প্রতিনিধি দলপ্রধানমন্ত্রী ছাড়া আওয়ামী লীগের প্রতিনিধি দলে ছিলেন দলের উপদেষ্টা পরিষদ সদস্য আবুল মাল আব্দুল মুহিত, আমির হোসেন আমু, তোফায়েল আহমদ, সুরঞ্জিত সেনগুপ্ত, অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ন, রাষ্ট্রদূত এম জমির উদ্দিন; সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, মোহাম্মদ নাসিম, সৈয়দ আশরাফুল ইসলাম, এ্যাডভোকেট সাহারা খাতুন, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মণি, জাহাঙ্গীর কবীর নানক, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, আইনমন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ এবং দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ।
উল্লেখ্য, গত বছরের ১৮ ডিসেম্বর বিএনপির সঙ্গে বৈঠকের মাধ্যমে সংলাপের সূচনা করেন রাষ্ট্রপতি। এরপর কয়েক দফায় বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেছেন তিনি। সর্বশেষ বুধবার ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে বৈঠক করবেন রাষ্ট্রপতি। এ পর্যন্ত আওয়ামী লীগসহ ২৩টি রাজনৈতিক দল রাষ্ট্রপতির সংলাপে আমন্ত্রণ পেয়েছে।
গত ৪ জানুয়ারি নির্বাচন কমিশন সংক্রান্ত প্রস্তাব ও সুপারিশমালা প্রণয়নে ১০ সদস্যের কমিটি গঠন করা হয়। পরে কমিটির সদস্যরা বিষয়টি নিয়ে বৈঠক করেন।
রবিবার তারা সুপারিশ চূড়ান্ত করেন। এতে ইসি গঠনে প্রেসিডেন্টের সিদ্ধান্তের ওপর আস্থা রাখার বিষয়ে কমিটির সদস্যরা বিতর্ক ছাড়াই ঐকমত্যে পৌঁছেন। ওই কমিটির বেশ কয়েক সদস্যের সঙ্গে কথা বললে তারা এসব তথ্য জানান।
নতুন ইসি গঠন নিয়ে প্রেসিডেন্ট নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ করছেন।
এসব দলের পক্ষ থেকে পরবর্তী নির্বাচন কমিশন গঠন নিয়ে বেশ কিছু প্রস্তাব দেয়া হয়েছে। এর মধ্যে নির্বাচন কমিশন গঠনে একটি আইন করার প্রস্তাবও রয়েছে।
তবে আওয়ামী লীগের পক্ষ থেকে এ ধরনের আইন বা নতুন কোনো প্রস্তাব দেয়ার সম্ভাবনা নেই বলে দলের নীতিনির্ধারক নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়।
দলের শীর্ষ নেতারা জানান, ইসি গঠনে সংবিধানের ১১৮ অনুচ্ছেদ অনুযায়ী পদক্ষেপ নিতে প্রেসিডেন্টকে অনুরোধ করা হবে। তবে এবার না হলেও পরবর্তীতে ইসি গঠনের জন্য সংবিধানে বর্ণিত আইনটি করার জন্য মতামত তুলে ধরবে দলটি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D