২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২৩
পদ্মা সেতুসহ বিভিন্ন প্রকল্পের ব্যাপক দুর্নীতির কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার চুরি-দুর্নীতিকে জাতীয়করণ করেছে। শুক্রবার লালবাগে এক ইফতার মাহফিলে তিনি এই অভিযোগ করেন।
তিনি বলেন, বঙ্গবাজার পুড়ে গেছে। এই বাজার বড় লোকের বাজার নয়, সাধারণ মধ্যবিত্তদের বাজার। দুর্ভাগ্য আমাদের এর আগে সিদ্দিক বাজারে অগ্নিকাণ্ডে ২২ জন মানুষ মারা গেল, এরও আগে চট্টগ্রামে হয়েছে। কিন্তু এই সরকারের এসব ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই।
মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগের দেয়ার কিছু নাই। তারা অত্যন্ত পরিকল্পিতভাবে জোর করে ক্ষমতায় টিকে থাকার জন্য সমস্ত নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। ভোট দিতে পারছেন না। আপনারা জানেন ভোট আগের রাত্রে হয়ে গেছে, আর ওরা (আওয়ামী লীগ) সরকারে বসে গেছে।
তিনি বলেন, ২০১৪ সালে ভোটই হয়নি ১৫৩টি আসনে, নির্বাচিত ঘোষণা হয়ে গেল। আর প্রত্যেক কথায় কথায় তারা খালি বলে, উন্নয়ন করেছে। আমি এখানে আসার পথে দেখলাম, বিশ্ববিদ্যালয়ের দেয়ালে লেখা ‘উন্নয়ন কি চুবাইয়ে খাবো? উন্নয়ন তো চিবাইয়ে খাওয়া যায় না। আমার পেটে যদি ভাত না থাকে, ১০টা উড়াল সেতু বানান আমার তাতে কী আসে যায়।
তিনি আরো বলেন, প্রধান নির্বাচন কমিশনার অনেক দুঃখের সাথে বলেছেন, ইভিএম- ব্যালট কোনোটাই কাজে দেবে না যদি বিরোধী দল অংশ না নেয়, অর্থাৎ বিএনপি যদি নির্বাচনে অংশ না নেয় সেটা কাজে দেবে না। কেউ মানবে না। সুতরাং একটাই দাবি, পদত্যাগ করো- আর তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করো।
লালবাগের সাবেক সংসদ সদস্য নাসিরউদ্দিন পিন্টুকে স্মরণ করে বিএনপি মহাসচিব বলেন, লালবাগের মানুষ ঢাকার সবচেয়ে পুরনো মানুষ। আপনাদের এই এলাকায় অনেক নামকরা নেতা ছিলেন। সবশেষে আমাদের নাসিরউদ্দিন পিন্টু ভাই। আমাদের একজন ত্যাগী, সাহসী, বলিষ্ঠ নেতা ছিলেন। এই সরকার তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে, জেলখানার মধ্যে হত্যা করেছে। এরকম কাস্টডিওতে বহু লোককে হত্যা করেছে, এই এলাকায় মানুষকে হত্যা করেছে, গুম করে নিয়ে গেছে।
লালবাগে ‘হৃদয় কমিউনিটি সেন্টারে’ থানা বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে এই ইফতার মাহফিল ও আলোচনা সভা হয়। এতে লালবাগ থানার নেতা-কর্মী-সমর্থকরা অংশ নেন।
মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন খোকনের সভাপতিত্বে এই ইফতারে মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী, তাঁতী দলের আবুল কালাম আজাদসহ ওয়ার্ড নেতারা বক্তব্য রাখেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D