সিলেট কারাগারে হবিগঞ্জের সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধীর মৃত্যু

প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২১

সিলেট কারাগারে হবিগঞ্জের সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধীর মৃত্যু

সিলেট কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকা দন্ডপ্রাপ্ত এক যুদ্ধাপরাধীর মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুরে মুজিবুর রহমান আঙ্গুর মিয়া (৬৮) নামের ওই ব্যক্তি মারা যান। এর আগে সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে কারাগার থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই মৃত্যু হয় তার।

আমৃত্যু সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধী মুজিবুর রহমান ওরফে আঙ্গুর মিয়া হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কুমারছানা গ্রামের মৃত দরছ উদ্দিনের ছেলে। যুদ্ধাপরাধের দায়ে ২০১৬ সালে তাকে আমৃত্যু কারাদন্ড দেন আদালত।

সিলেট কেন্দ্রীয় কারাগারে জ্যেষ্ঠ জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেন তার মৃত্যর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বার্ধক্যজনিত কারণেই তার মৃত্যু হয়েছে।’

কারাগার সূত্র জানায়, মুজিবুরকে গ্রেফতারের পর ২০১৫ সালের ১২ ফেব্রæয়ারি তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। ২০১৬ সালের ১ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ তাকে আমৃত্যু কারাদন্ড প্রদান করেন। পরবর্তীতে তাকে হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়। চলতি বছরের ২৫ মে তাকে হবিগঞ্জ জেলা কারাগার থেকে সিলেট কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়।

শুক্রবার বুকের ব্যথাসহ নানা রোগে অসুস্থ হয়ে পড়লে সহকারী সার্জন তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মুজিবুরকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, মুজিবুর ও তার আরও দুই ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধাপরাধের প্রমাণ পেয়ে দন্ড দেন ট্রাইব্যুনাল। এরমধ্যে একজনকে ফাঁসির আদেশ দেওয়া হয়।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট