২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩০ পূর্বাহ্ণ, আগস্ট ১২, ২০২১
রাশিয়ায় ১৬ জন আরোহী নিয়ে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার (১২ আগস্ট) দেশটির পূর্বাঞ্চলীয় কামচাটকা উপত্যকায় হেলিকপ্টারটি ভেঙে পড়ে।
রুশ জরুরি সেবা বিভাগের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ও ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এমআই-৮ মডেলের ওই হেলিকপ্টারটিতে দুর্ঘটনায় সময় ১৩ জন যাত্রী ও তিনজন ক্রু ছিলেন। ক্রু ছাড়া বাকি যাত্রীদের সকলেই পর্যটক। দুর্ঘটনার পরপরই বিধ্বস্ত হেলিকপ্টারের ধ্বংসাবশেষ থেকে নয়জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছেন সাতজন।
বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ার দাবি, কামচাটকা এলাকাটি রাজধানী মস্কো থেকে প্রায় ৬ হাজার কিলোমিটার পূর্বে অবস্থিত। হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর নিখোঁজদের সন্ধানে উদ্ধারকারী দলের ৪০ জন সদস্যকে ঘটনাস্থলে পাঠানো হয়। তারা এরই মধ্যে হতাহতদের উদ্ধারে অভিযান শুরু করেছেন।
স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি সূত্রের মতে, দুর্ঘটনার পর থেকে এখন পর্যন্ত নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে। গুরুত্বপূর্ণ ওই সূত্রটি বার্তা সংস্থা ইন্টার ফ্যাক্সকে জানিয়েছে, এরই মধ্যে নয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। যদিও তাদের মধ্যে প্রায় সকলেই গুরুতর রকমের আহত হয়েছেন।
বিশ্লেষকদের মতে, রাশিয়ায় আকাশপথে সাধারণত ঘটা দুর্ঘটনাগুলোর তদন্ত করে থাকে রাশিয়ান ইনভেস্টিগেশন কমিটি। সংস্থাটি জানিয়েছে, ভয়াবহ এ ঘটনায় ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। আকাশপথে ভ্রমণে নিরাপত্তাবিধি লঙ্ঘন করা হয়েছে কি না, এবার সেটাই যাচাই করে দেখা হচ্ছে।
উল্লেখ্য, রাশিয়ার কামচাটকা উপত্যকাটি বিশাল এক ভূখণ্ডজুড়ে অবস্থিত। সেখানে লোকজনের বসবাস অনেক কম থাকলেও প্রাকৃতিক সৌন্দর্য ও আগ্নেয়গিরির কারণে উপত্যকাটি পর্যটকদের কাছে ভীষণ জনপ্রিয়। এর আগে গেল জুলাই মাসে অঞ্চলটিতে একটি যাত্রীবাহী বিমান দুর্ঘটনায় ২৮ জনের প্রাণহানি ঘটেছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D