গোয়াইনঘাটে নৌকাডুবিতে শ্রমিক নিখোঁজ

প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, জুলাই ২, ২০২১

গোয়াইনঘাটে নৌকাডুবিতে শ্রমিক নিখোঁজ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সারি-পিয়াইন নদীর মোহনায় নৌকাডুবিতে আজিজুর রহমান পাঠান (৫২) নামের একজন নিখোঁজ হয়েছেন।

শুক্রবার সকালে উপজেলার সারি ও পিয়াইন নদীর মোহনায় স্থানীয়  বাংলাবাজার এলাকায় নৌকাডুবে তিনি নিখোঁজ হন। বিকাল ৪টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার সকালে সারি-পিয়াইন নদীর বাংলাবাজার এলাকায় ছেলের সঙ্গে নৌকাতে ঘুমাচ্ছিলেন আজিজুর রহমান পাঠান। হঠাৎ করে নদীতে স্রোতের তোড়ে নৌকায় পানি উঠে নৌকাটি ডুবে যায়। সে সময় নৌকায় থাকা আজিজুর রহমান নিখোঁজ হন।

সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার ফাজিলপুর গ্রামের মৃত আব্দুল লতিফ পাঠানের ছেলে আজিজুর রহমান পাঠান দীর্ঘদিন থেকে শ্রমিক হিসেবে কাজ করেন।

খবর পেয়ে সঙ্গে সঙ্গেই স্থানীয় লোকজন আজিজুরকে উদ্ধারে নামে। এছাড়া, গোয়াইনঘাট থানা পুলিশের এসআই লিটন রায়সহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগীতায় উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন।

গোয়াইনঘাট থানার ওসি পরিমল চন্দ্র দেব বলেন, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গেছে। তাকে উদ্ধার করতে তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস।