বিএমইএসি’র আন্তর্জাতিক মানের অ্যাক্রেডিটেশন অর্জন করলো সিলেট উইমেন্স মেডিকেল কলেজ

প্রকাশিত: ৩:৫০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২৬

বিএমইএসি’র আন্তর্জাতিক মানের অ্যাক্রেডিটেশন অর্জন করলো সিলেট উইমেন্স মেডিকেল কলেজ

চিকিৎসা শিক্ষার মান নিয়ন্ত্রণে বাংলাদেশ মেডিকেল এডুকেশন অ্যাক্রেডিটেশন কাউন্সিল কর্তৃক আগামী ৫ (পাঁচ) বছরের জন্য আনুষ্ঠানিকভাবে ‘অ্যাক্রেডিটেড’ প্রতিষ্ঠানের স্বীকৃতি ও সনদ লাভ করেছে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিএমইএসি-এর রেজিস্টার প্রফেসর ডা. মো. হুমায়ুন কবীর তালুকদার স্বাক্ষরিত এক স্মারকপত্রে এই চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানানো হয়।

অফিসিয়াল পত্রে উল্লেখ করা হয়, বাংলাদেশ মেডিকেল এডুকেশন অ্যাক্রেডিটেশন কাউন্সিলের নির্ধারিত সকল মানদণ্ড, নীতিমালা ও প্রক্রিয়া সফলভাবে পূরণ করায় সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) প্রোগ্রামকে আনুষ্ঠানিকভাবে অ্যাক্রেডিটেশন প্রদান করা হলো।

এরই প্রেক্ষিতে আগামী ৫ বছরের জন্য প্রতিষ্ঠানটিকে ‘অ্যাক্রেডিটেড’ স্ট্যাটাস দিয়ে সনদপত্র প্রদান করা হবে। পাশাপাশি মেডিকেল কলেজটিতে মানসম্মত শিক্ষাদান ও একাডেমিক পরিবেশ বজায় রাখতে প্রতি বছর অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ মেডিকেল এডুকেশন অ্যাক্রেডিটেশন কাউন্সিলকে ধন্যবাদ জানিয়ে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এক যৌথ অভিনন্দন বার্তায় বলেন— এ ঐতিহাসিক মাইলফলক অর্জনে কলেজ পরিচালনা পর্ষদ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

কর্তৃপক্ষের মতে, এই আন্তর্জাতিক স্বীকৃতি সিলেট উইমেন্স মেডিকেল কলেজের মানসম্মত চিকিৎসা শিক্ষা প্রদানের নিষ্ঠা, সুশাসন ও নিরলস পরিশ্রমের চূড়ান্ত প্রতিফলন। এই অর্জন প্রতিষ্ঠানটির চিকিৎসা শিক্ষার মানকে নতুন উচ্চতায় নিয়ে যেতে এবং বৈশ্বিক পর্যায়ে সুখ্যাতি বৃদ্ধিতে অনন্য ভূমিকা রাখবে।-বিজ্ঞপ্তি


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট