২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪০ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২০
প্রাণঘাতী করোনা ভাইরাসের বিষাক্ত ছোবলে প্রতিদিনই ব্রাহ্মণবাড়িয়ায় এই মরণব্যাধিতে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। ভাইরাসটিতে এখন পর্যন্ত দেশের এই জেলায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৯৬ জন। ইতোমধ্যেই করোনায় আক্রান্ত হয়ে সেখানে মারা গেছেন ৩৭ জন। প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ থেকে প্রতিনিয়ত মানুষজনদের সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বলা হচ্ছে। কিন্তু এই নির্দেশনার তোয়াক্কা করছেন না অনেকেই।
তবে এবার এই করোনা আতঙ্কের মাঝেই ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট আলেম আল্লামা মনিরুজ্জামান সিরাজীর জানাজায় মানুষের ঢল নেমেছে।
রবিবার (৯ আগস্ট) বিকাল ৬টার দিকে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের ভাদুঘর এলাকায় তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে কয়েক হাজার মানুষ অংশ নেয়। ভাদুঘর জামিয়া সিরাজীয়া দারুল উলুম মাদরাসার অধ্যক্ষ মনিরুজ্জামান সিরাজী ‘বড় হুজুর’ নামেই বেশি পরিচিত ছিলেন।
বার্ধক্যজনিত কারণে রবিবার দুপুরে ভাদুঘরের নিজ বাড়িতে মারা যান মনিরুজ্জামান সিরাজী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। তিনি হেফাজতে ইসলামের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি ও ইসলামী আইন বাস্তবায়ন কমিটি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আমির ছিলেন।
বাদ আসর জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা থাকায় বিকাল ৪টা থেকেই ভাদুঘরে জড়ো হতে থাকে হাজার হাজার মানুষ। ভাদুঘর জামিয়া সিরাজীয়া দারুল উলুম মাদরাসার সামনে কুমিল্লা-সিলেট মহাসড়কে অনুষ্ঠিত জানাজায় ইমামতি করেন মনিরুজ্জামান সিরাজীর নাতি মাওলানা খালেদ সাইফুল্লাহ্ সিরাজী।
জেলা সদরসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে লোকজন আসেন জানাজায় অংশ নিতে। জানাজার কারণে বিকাল চারটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত কুমিল্লা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। ফলে মহাসড়কের কয়েক কিলোমিটার অংশজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়।
মহামারিতে রূপ নেওয়া প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতির মধ্যে জানাজায় জনসমাগম সম্পর্কে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. আনিসুর রহমান বলেন, আমাদের যেটা করণীয় সেটা করেছি। তাদের বলে দিয়েছি, সামাজিক দূরত্ব রেখে করতে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি জানে। তবে সব জায়গায় পুলিশ মোতায়েন ছিল।
এর আগে লকডাউন ভেঙে গত ১৮ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বেড়তলা এলাকার জামিয়া রাহমানিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত খেলাফত মজলিশের নায়েবে আমির মাওলানা জুবায়ের আহমেদ আনসারীর জানাজার নামাজেও লাখো মানুষের সমাগম হয়েছিল। মাঠে জায়গা না পেয়ে ঢাকা-সিলেট মহাসড়কের অন্তত দুই কিলোমিটার অংশে জানাজার নামাজে অংশ নেন মানুষজন। পরে জানাজা শেষে মাদরাসা প্রাঙ্গণেই মরদেহ দাফন করা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D