২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০১৯
ত্রিদেশীয় সিরিজের চতুর্থ ম্যাচে জিম্বাবুয়েকে উড়িয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। টানা তিন পরাজয়ে সিরিজ থেকে ছিটকে গেছে মাসাকাদজার দল। চট্টগ্রামের জহুর আমহেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে মাহমুদউল্লাহ-লিটনের তাণ্ডবে ১৭৬ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দেয় স্বাগতিকরা। জবাবে নির্ধারিত ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ১৩৬ রান তুলে আফ্রিকান দলটি। এতে ৩৯ রানের জয় পায় টাইগাররা।
এর আগে নিজেদের প্রথম ম্যাচেও জিম্বাবুয়ের বিপক্ষে জয় পায় স্বাগতিক বাংলাদেশ। সে ম্যাচে দলটিকে ৩ উইকেটে হারায় টাইগাররা। আর টানা তিন ম্যাচ হেরে ইতোমধ্যে বাদ পড়েছে দলটি। আগামীকাল একই ভেন্যুতে আফগানদের বিপক্ষে খেলবে জিম্বাবুয়ে। ম্যাচটি কেবলই নিয়মরক্ষার।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ : ২০ ওভারে ১৭৫/৭ (শান্ত ১১, লিটন ৩৮, সাকিব ১০, মুশফিক ৩২, মাহমুদউল্লাহ ৬২, আফিফ ৭, মোসাদ্দেক ২, সাইফউদ্দিন ৬*, আমিনুল ০*; এনলভু ০/৩২ জার্ভিস ৩/৩২, এমপফু ২/৪২, উইলিয়ামস ০/২৬, বার্ল ১/১৩, মুটম্বোদজি ১/১৭, মাদজিভা ০/১০)।
জিম্বাবুয়ে : ২০ ওভারে ১৩৬ (টেইলর ০, মাসাকাদজা ২৫, চাকাভা ০, উইলিয়ামস ২, মুটম্বোদজি ১১, বার্ল ১, মুটুম্বামি ৫৪, মাডজিভা ৯, জার্ভিস ২৭, এনডিলভু ২, এমপফু ০*; সাইফউদ্দিন ১/১৪, সাকিব ১/২৮, শফিউল ৩/৩৬, মুস্তাফিজুর ২/৩৮, আমিনুল ২/১৪)।
ফলাফল : বাংলাদেশ ৩৯ রানে জয়ী।
শেষ ওভারে মুস্তাফিজের অর্ধশতক
ইনিংসের ওভারে নিজের টি-টুয়েন্টি ক্যারিয়ারের ৫০তম উইকেট শিকার করেছেন মুস্তাফিজুর রহমান। ২০ বলে ২৭ করা কাইল জার্ভিসকে তুলে নিয়ে জিম্বাবুয়ের নবম উইকেট ফেলেছেন তিনি। শেষ ওভারে জিম্বাবুয়ে আছে হারের পথে।
ঝড়ো অর্ধশকতের পর মাতুয়াম্বির বিদায়
মাতুমাম্বির ব্যাটিং দেখে টাইগারদের মনে কিছুটা ভয় ঢুকে গিয়েছিল। তবে শফিউলের ৩১ বলে ৫৪ রান করে থেমেছেন মাতুমাম্বি। ১২৪ রানে অষ্টম উইকেট হারিয়ে পরাজয়ের দ্বারপ্রান্তে তারা।
চেষ্টা করে যাচ্ছে মাতুয়াম্বি-জার্ভিস
দলকে খাদের কিনারা থেকে টেনে তোলার চেষ্টা করছে রিচমন্ড মাতিয়াম্বি আর কাইল জার্ভিস। ২৯ বলে জুটিতে পঞ্চাশ রান তুলে ফেলেছেন তারা। জয় অনেকটা নাগালের বাইরে থাকলেও খেলায় উত্তাপ ছড়িয়েছেন তারা।
সাত উইকেট হারিয়ে বিপদে জিম্বাবুয়ে
বিপর্যয় সামলে আর ম্যাচে ফিরতে পারছে না জিম্বাবুয়ে। এবার নেভাল মাডজিবা ফিরেছেন রান আউটে। ১৩তম ওভারে ৬৬ রানে ৭ উইকেট খুইয়ে হার দেখছে তারা।
শফিউল-আমিনুলের তাণ্ডব, জয়ের পথে বাংলাদেশ
শফিউলের পর নিজের দ্বিতীয় উইকেট শিকার করলেন অভিষিক্ত আমিনুল। এবার তার শিকার জিম্বাবুয়ের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। ২৫ বলে ২৫ রান করে আমিনুলের এলবির ফাঁদে পড়ে সাজ ঘরে ফিরেন তিনি। ৬ উইকেট হারিয়ে বিপদে জিম্বাবুয়ে। জয়ের পথে বাংলাদেশ।
আবারও শফিউলের আঘাত
ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে সাকিবের ১ ওভারে ৩০ রান তুলেছিলেন রায়ান বার্ল। সেই বার্ল ফিরতি দেখাতে শুরুতেই হলেন কুপোকাত। ৩ বলে ১ রান করা বার্লকে সরাসরি বোল্ড করে নিজের দ্বিতীয় উইকেট তুলেছেন শফিউল ইসলাম। ৩৭ রানে ৫ উইকেট হারিয়ে কাঁপছে জিম্বাবুয়ে।
অভিষেকেই আমিনুলের উইকেট, বিধ্বস্ত জিম্বাবুয়ে
প্রথমবারের মতো জাতীয় দলের হয়ে টি-টুয়েন্টি খেলতে নেমেছেন আমিনুল ইসলাম। অভিষিক্ত ম্যাচের প্রথম ওভারেই উইকেট শিকার করেন এই লেগ-স্পিনার। ৩৫ রানের মাথায় দলকে ব্রেকথ্রু এনে দেন তিনি।
এবার শফিউলের উইকেট বিপর্যয়ে জিম্বাবুয়ে
নিজেদের প্রথম ওভারেই উইকেট তুলে নিলেন তিন বোলার। সাইফুদ্দিন, সাকিবের পর নিজের প্রথম ওভারে এবার আঘাত হানলেন শফিউল ইসলাম। দুই বছর পর টি-টুয়েন্টি খেলতে নেমেই উইকেট পেলেন তিনি। তার বলে পেটাতে গিয়ে শন উইলিয়ামসন ক্যাচ দেন মিড উইকেটে।
সাইফের পর সাকিবের আঘাত
সাইফের পরপরই আঘাত হানেন সাকিব। এতে দুর্বল হয়ে পড়েছে জিম্বাবুয়ের বোলিং শিবির। আফগানিস্তানের বিপক্ষেও সাকিব-সাইফ বোলিং তাণ্ডব চালান।
আবারও শুরুতে সাইফউদ্দিনের অগ্নিঝরা বোলিং
গেল ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ইনিংসের প্রথম বলেই উইকেট নেন সাইফউদ্দিন। আজ জিম্বাবুয়ের বিপক্ষে ফের তাকে আনা হয় নিজেদের প্রথম ওভারে। তবে প্রথম বলে উইকেট না পেলেও পঞ্চম বলে জিম্বাবুয়ের অভিজ্ঞ টেইলরকে ফেরান সাইফ।
বাঁচা মরার ম্যাচে বাংলাদেশের পাহাড় সমান সংগ্রহ
আজ জিতলেই বাংলাদেশের ফাইনাল নিশ্চিত আর হারলে তাকিয়ে থাকতে হবে শেষ দুই ম্যাচের দিকে। জিম্বাবুয়ের সমীকরণ আরও কঠিন। আজ হারলেই সিরিজ থেকে ছিটকে পড়বে তারা। এমন কঠিন সমীকরণে মাসাকাদজাদের সামনে ১৭৬ রানের পাহাড় সমান লক্ষ্য দাঁড় করিয়েছে স্বাগতিক বাংলাদেশ। টস হেরে প্রথমে ব্যাট করে মাহমুদউল্লাহ-লিটনের ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৫ রান সংগ্রহ করে টাইগাররা।
মাহমুদউল্লাহর পরের বলেই মোসাদ্দেকের বিদায়
আজ অনেকটা অনিশ্চিত ছিলেন মোসাদ্দেক। তবে শেষ পর্যন্ত একাদশে দেখা যায় তাকে। ব্যাট হাতে নেমেও ছিলেন প্রথম ম্যাচ জয়ের অন্যতম নায়ক। তবে আজ আর ভালো কিছু করার সুযোগ মিলেনি এই তরুণ অলরাউন্ডারের। ৩ বলে ২ রান করে শেষ মুহূর্তে আউট হয়ে ফিরে যান তিনি।
চ্যালেঞ্জিং পুঁজি গড়ে মাহমুদউল্লাহর বিদায়
আগের ম্যাচেই জানান দিয়েছেন ফর্মে ফিরেছেন তিনি। আর আজ তো নেমেই চার মেরে ইনিংস শুরু করেছিলেন মাহমুদউল্লাহ। ওপেনিংয়ে লিটনের দুর্দান্ত শুরু পর মুশফিকে নিয়ে গড়েন ৭৮ রানের জুটি। মুশফিক ফিরলেও ৩৭ বলে ফিফটি তুলে মাহমুদউল্লাহই দলকে পাইয়ে দেন শক্ত পুঁজি। শেষ ওভারে আউট হওয়ার আগে ৪১ বলে ৬২ রান করেন তিনি। মাত্র এক চারের সঙ্গে মাহমুদউল্লাহ মেরেছেন ৫টি ছক্কা। তার আউটের সময় দলের রান ৫ উইকেটে ১৬৯।
আজ হাসল না আফিফের ব্যাট
প্রথম ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক আফিফ। তবে টাইগারদের দ্বিতীয় ম্যাচের মতো তৃতীয় ম্যাচেও হাসেনি তার ব্যাট। আজ সে জিম্বাবুয়ের বিপক্ষে ৮ বলে ৭ রান করে আউট হলে ১৫৯ রানে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ।
বড় সংগ্রহ তুলে মুশফিকের বিদায়
আগের ওভারে ২৯ রানে জীবন পেয়েছিলেন। সেই জীবন বেশি কাজে লাগল না মুশফিকুর রহীমের। টিনোটেন্ডা মুতুম্বুজির বল ঘোরাতে গিয়ে ব্যাটের কোণায় লাগে মুশফিকের। এবার দুইবারের চেষ্টায় ক্যাচ ধরেন উইকেটরক্ষক টেইলর। ১৭তম ওভারে ১৪৩ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ। আউট হওয়ার আগে অবশ্য চতুর্থ উইকেটে মাহমুদউল্লাহর সঙ্গে ৫৫ বলে ৭৮ রানের জুটি গড়ে গেছেন মুশফিক। করে গেছেন ২৬ বলে ৩২ রান।
মুশফিক-মাহমুদউল্লাহয় বড় সংগ্রহের পথে বাংলাদেশ
শুরুতেই ঝড় তুলেছিলেন লিটন। তবে দলীয় ৪৯ রানের মাথায় শান্তর বিদায়ের পর স্কোর বোর্ডে ১৬ রান যুক্ত করতে আউট হন লিটন-সাকিব। এরপর দলের হাল ধরেছেন মুশফিকুর রহীম ও মাহমুদউল্লাহ রিয়াদ। দুজনেই খেলছেন সাবলীলভাবে। একই সঙ্গে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে মুশফিক-রিয়াদ জুটি স্পর্শ করল ৫০০ রান। যা টি-টুয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ জুটির রান।
আজও হতাশ করলেন অধিনায়ক সাকিব
বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে থাকা সাকিব ঘরের মাঠে চলমান টি-টুয়েন্টিতে ব্যাট হাতে বার বার হতাশ করছেন সমর্থকদের। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে ১ রানে আউট হওয়ার পর দ্বিতীয় ম্যাচেও আফগানদের বিপক্ষে আউট হন ১৫ রানে। আর আজ তৃতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ফের ব্যর্থ হন টাইগার কাপ্তান। মাত্র ১০ রান করে বুর্লের বলে উইলিয়ামসের তালু বন্দি হন।
ঝড় তুলে ফিরলেন লিটন
শুরু থেকেই দারুণ খেলছিলেন লিটন দাশ। আগ্রাসী ব্যাটে দিচ্ছিলেন বড় কিছুর ইঙ্গিত। এগোচ্ছিলেন ফিফটির দিকে। পাওয়ার প্লের শেষ ওভারে ক্রিস্টোফার এমপুফুর লেগ স্টাম্পের বাইরে দিয়ে যেতে থাকা বলে ফ্লিক করতে গিয়েছিলেন তিনি। বাজে এই বলের সুবিধা কাজে লাগানোর বদলে লিটনের টপ এজে উঠে যায় আকাশে। ফাইন লেগে নেভেল মাদজিবার অনেকখানি দৌড়ে সেই ক্যাচ হাতে জমান। মাত্র ২২ বলে ৪ চার আর ২ ছক্কায় ৩৮ রান করেন লিটন।
চট্টগ্রামে চলছে লিটনের তাণ্ডব, শান্তর বিদায়
ইনিংসের দ্বিতীয় বলেই স্ট্রাইকে আসেন লিটন। টানা তিন বল ডট দেয়ার পর চতুর্থ বলে এলবির ফাঁদে পড়তে পড়তে বেঁচে যান লিটন। প্রথম ওভারের শেষ বলে একরান করে খুলেন রানের খাতা। তারপরই শুরু হয় লিটনের ঝড়ো ইনিংস। টাইগারদের ওপেনিং জুটিতে আসে ৪৯ রান। তবে অভিষিক্ত শান্ত ফিরেন ১১ রান করে।
বাংলাদেশ একাদশে তিন পরিবর্তন, বাদ সাব্বির
আফগানিস্তানের বিপক্ষে আগের ম্যাচ হেরে স্কোয়াড পরিবর্তন করে বাংলাদেশ। এবার একাদশেও পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে টাইগার শিবির। টস করতে এসে অধিনায়ক সাকিব আল হাসান জানান, তিনটি পরিবর্তন এসেছে টাইগারদের একাদশে। সৌম্য সরকার বাদ পড়ায় অভিষেক ঘটেছে নাজমুল হোসেন শান্তর। টাইগার জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেট খেললেও টি-টুয়েন্টি খেলা হয়নি শান্তর। লিটন কুমার দাশের সঙ্গে ওপেনিংয়ে নামবেন তিনি। বাঁহাতি স্পিনার তাইজুলের পরিবর্তে লেগ স্পিনার বিপ্লব এসেছেন একাদশে। এ ম্যাচের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে তার। আর সাব্বিরের পরিবর্তে পেসার শফিউল ইসলাম খেলছেন।
অপরদিকে, দুইটি পরিবর্তন এনেছে জিম্বাবুয়ে। চাতারা ও আরভিন বাড় পড়েছেন। তাদের পরিবর্তে জায়গা পেয়েছেন ক্রিস এমপফু ও রিচমন্ড মুতুম্বামি।
বাংলাদেশ একাদশ : লিটন কুমার দাশ, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব, সাইফউদ্দিন, শফিউল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ে একাদশ : ব্র্যান্ডন টেইলর, হ্যামিল্টন মাসাকাদজা, রিচমন্ড মুতুম্বামি, শন উইলিয়ামস, টিনোটেন্ডা মুতোম্বোজি, রায়ান বুর্ল, রেজিস চাকাভা, নেদিল মাদজিবা, কাইল জার্ভিস, আইনস্লে লভু ও ক্রিম এমপফু।
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
দুই দিনের বিরতি শেষে ফের মাঠে গড়াচ্ছে ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজ। চট্টগ্রামে আজ বাংলাদেশের প্রতিপক্ষ জিম্বাবুয়ে। এরই মধ্যে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে অধিনায়ক মাসাকাদজা। বন্দর নগরীর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ম্যাচটি মাঠে গড়াবে সন্ধ্যা সাড়ে ছয়টায়। খেলাটি সরাসরি দেখা যাচ্ছে গাজী টিভিতে।
আজকের ম্যাচটি জিম্বাবুয়ের জন্য বাঁচা মরার ম্যাচ। আর বাংলাদেশের জন্যও ফাইনাল নিশ্চিতের খেলা। যদি আজ টাইগাররা মাসাকাদজাদের হারাতে পারে তবে আফগানদের সঙ্গে ২৪ তারিখের ফাইনাল খেলবে সাকিব বাহিনী। কিন্তু জিম্বাবুয়ের কাছে হেরে গেলে অপেক্ষা করতে হবে আগামীকালকের ম্যাচের। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে অবশ্যই হারাতে হবে রশিদদের।
সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে তিন উইকেটে হারায় স্বাগতিকরা। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের কাছে হারে ২৫ রানের ব্যবধানে। জিম্বাবুয়েও তাদের দুই ম্যাচে দুটিতেই হেরেছে। তাই আজ জয়ের বিকল্প নেই তাদের সামনে।
টি-টুয়েন্টিতে বাংলাদেশ জিম্বাবুয়ে এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে ১০ বার। যেখানে টাইগারদের জয় ছয়টি আর আফ্রিকার দেশটি জিতেছে বাকি চারটি ম্যাচ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D