২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১১ অপরাহ্ণ, জুন ২৪, ২০১৯
নানা ঘটনার সাক্ষী আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ইনিংস। সফট সিগন্যাল, আম্পায়ারিং, সাকিবের শীর্ষে উঠা, সাকিবের বিশ্বকাপে হাজার রান স্পর্শ করা ও সাকিব-মুশফিকের জুটির তিন হাজার রান পূরণ। তবে শেষ পর্যন্ত আলোচিত মুশফিক, সাকিবের দুরন্ত ছন্দ। এ দুজনের ব্যাটে ভর করে নির্ধারিত ৫০ ওভারে আফগানিস্তানের বিপক্ষে ৭ উইকেটে ২৬২ রান তোলে বাংলাদেশ।
সাউদাম্পটনের রোজ বলের ভেন্যুর সীমানা একটু বড়। রানিং বিটুইন দ্য উইকেটে স্কোরবোর্ডে রান তুললে বাংলাদেশ এগিয়ে থাকবে। কারণ আফগান ব্যাটিং এ বিশ্বকাপে অনেক ছন্নছাড়া। তাই আফগানদের বিপক্ষে টস হেরে ব্যাটিং পেলেও উজ্জীবিত ছিল বাংলাদেশ। তবে ওপেনিং জুটিতে পরিবর্তনের সিদ্ধান্ত খুব একটা কাজে লাগলো না টাইগারদের। সৌম্য সরকারের বদলে লিটন দাশ নামেন তামিমের সঙ্গে ওপেনিংয়ে। দারুণ শুরু করলেও লিটন আউট আইসিসির ‘সফট সিগনাল’-এর নিয়মের কারণে। ১৭ বলে ১৬ রানে বিদায় নেন লিটন।
মুজিব উর রহমানের বলে হাশমতউল্লাহ ক্যাচ ধরলে মাঠের আম্পায়ার আউট দেন। তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য তৃতীয় আম্পায়ারের শরণাপন্ন হন তারা। আলিম দার এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেননি বলে মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত বহাল রাখেন। এরপরই সাকিব-তামিমের ৫৯ রানের জুটিতে ভালো সংগ্রহের ভিত্তি পায় বাংলাদেশ। ২৩ রান করে সাকিব এ বিশ্বকাপে রানের তালিকায় শীর্ষে উঠেন।
একই সঙ্গে বিশ্বকাপে বাংলাদেশের হয়ে প্রথম এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেন। একপ্রান্তে তামিম ৩৬ রানে নবীর বলে বোল্ড হলেও সাকিব পেয়ে যান হাফসেঞ্চুরি। ৪৫তম হাফসেঞ্চুরিতে মাত্র একটি বাউন্ডারি হাঁকান তিনি। মুশফিকের সঙ্গে সাকিব গড়েন ৬১ রানের জুটি। ওয়ানডে ইতিহাসে এ দুজনের কল্যাণে বাংলাদেশ পেয়েছে তিন হাজার রানের জুটি।
৫১ রানে সাকিব লেগ বিফোর উইকেটে পরিণত হন মুজিবের বলে। সৌম্য পাঁচ নম্বরে নেমে আউট তিন রানে। ষষ্ঠ উইকেটে মুশফিক-মাহমুদউল্লাহর জুটিতে ২০০ রান পার করে টিম টাইগার। ২৭ রান করেন রিয়াদ। অন্যপ্রান্তে ৩৫তম হাফসেঞ্চুরি তুলে নেন মুশফিক।
৮৭ বলে চারটি বাউন্ডারি ও এক ছক্কাতে ৮৩ রান করেন টাইগার উইকেটরক্ষক। আর মোসাদ্দেক আউট ২৪ বলে ৩৫ রানে। এতে আফগানদের বিপক্ষে অনায়াসে আড়াইশ পার করে বাংলাদেশ শিবির। ডেথ ওভারে বাংলাদেশ পেয়েছে ৬৯ রান।
সংক্ষিপ্ত স্কোর :
বাংলাদেশ : ২৬২/৭ (৫০ ওভার); (লিটন ১৬, তামিম ৩৬, সাকিব ৫১, মুশফিক ৮৩, সৌম্য ৩, মাহমুদউল্লাহ ২৭, মোসাদ্দেক ৩৫, সাইফ ২*; মুজিব ৩/৩৯, দৌলত ১/৬৪, নবী ১/৪৪, নাইব ২/৫৬, রশিদ ০/৫২, রহমত ০/৭)।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D