২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৩ অপরাহ্ণ, জুলাই ৩, ২০১৮
জাপানকে অবিশ্বাস্যভাবে ম্যাচ ৩-২ গোলে হারিয়ে রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে গেল বেলজিয়াম। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে দুই গোল করে অঘটনের সম্ভাবনা জাগালেও শেষ মুহূর্তে গোল খেয়ে নকআউট পর্ব থেকেই বিদায় নিল এশিয়ার দেশ জাপান।
রোস্তভ অ্যারেনায় প্রথমার্ধে দুর্দান্ত খেলে ইডেন হ্যাজার্ড ও রোমেলু লুকাকুদের দারুণ আক্রমণ রুখে দেয় জাপান। বিরতির পর ফিরে তারা অবাক করে দেয় ৫ মিনিটের ব্যবধানে দুইবার লক্ষ্যভেদ করে। দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে শিবাসাকির পাস আটকাতে পারেননি ভেরটনঘেন। হারাগুচ কোনো বাধা ছাড়াই ডান দিক দিয়ে বক্সে ঢুকে বেলজিয়ান গোলরক্ষককের ধরাছোঁয়ার বাইরে দিয়ে কোনাকুনি শটে বল জড়ান জালে।
চাপে পড়া বেলজিয়ামকে আরও হতাশায় ডুবিয়ে ৫২ মিনিটে গোল করে জাপান। ডিবক্সের প্রান্তে শিনজি কাগাওয়া বল পেয়ে পাস দেন তাকাসি ইনুইকে। দুর্দান্ত শটে ডান দিক দিয়ে লক্ষ্যভেদ করে ব্যবধান দ্বিগুণ করেন ইনুই।
এরপরই প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার স্বপ্ন দেখতে থাকে জাপানিরা। তবে ৬৯তম মিনিটে কর্নার থেকে ভেরটনঘেনের হেডে এক গোল শোধ দেয় বেলজিয়াম। ৫ মিনিটের ব্যবধানে দ্বিতীয় গোল করে দলকে সমতায় ফেরান মারোয়ান ফেলাইনি।
৮৫ মিনিটে কাওয়াশিমা অসাধারণ দক্ষতায় দুইবার বেলজিয়ামের সুযোগ নষ্ট করে দেন। জাপানি গোলরক্ষক প্রথমে মিউনিয়েরের হেড প্রতিহত করেন। তারপর মিউনিয়েরের পাস থেকে লুকাকুর হেড গোলবারের উপর দিয়ে মাঠের বাইরে পাঠান কাওয়াশিমা।
জাপান সুযোগ পেয়েছিল শেষ মিনিটে। নাগাতামোর নিচু শট ধরতে গিয়ে এলোমেলো হয়ে পড়েছিলেন বেলজিয়ামের গোলরক্ষক থিবো কোর্তোয়া। হাত ফসকে গেলেও বল দ্রুত আগলে নেন তিনি।
অতিরিক্ত সময়ের শেষ মিনিটে বক্সের ভেতর থেকে নাসের চাডলি গোল করে বেলজিয়ামকে জয় এনে দেন! এই জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে ৬ জুলাই ব্রাজিলের বিপক্ষে লড়বে বেলজিয়াম।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D