১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২১, ২০১৭
রংপুর: বৃহস্পতিবার রংপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ। নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। সকাল ৮টা থেকে শুরু হয়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
নির্বাচনে মেয়র পদে ৭ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৫ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ২১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ১৯৩টি ভোটকেন্দ্রের ১ হাজার ১৭৭টি কক্ষে ভোট নেয়া হবে।
এবার এই সিটিতে ৩ লাখ ৯৪ হাজার ৪২১ ভোটার রয়েছেন। যা গত নির্বাচনের চেয়ে ৩৬ হাজার বেশি। তবে নির্বাচন কমিশন ১৯৩টি ভোটকেন্দ্রের মধ্যে ১২৮ টিকে ঝুঁকিপূর্ণ হিসাবে চিহিৃত করেছে।
রংপুরের মানুষ মফিজ হয়ে থাকতে চায় না: ঝন্টু
আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী সরফুদ্দীন আহম্মেদ ঝন্টু বলেছেন, রংপুরের মানুষ আর মফিজ হয়ে থাকতে চায় না। উন্নয়নের ধারা বজায় রাখতে সবাই ঐক্যবদ্ধ হয়ে নৌকাকে বিজয়ী করে লাঙলকে রংপুর থেকে বিতাড়িত করবে।
তিনি আরো বলেন, নৌকা শেখ হাসিনার প্রতীক। এই প্রতীকের মেয়র প্রার্থী আমি। ইতোপূর্বে লাঙল মানুষের কাছ থেকে শুধু ভোট নিয়েছে, উন্নয়নের জন্য কোনো কিছুই করেনি। রংপুর শহরে যেসব উন্নয়ন হয়েছে, শেখ হাসিনার আমলেই হয়েছে। তাই এ উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখার জন্য নৌকায় ভোট দেয়া ছাড়া মানুষ আর কোনো বিকল্প ভাবেন না।
নৌকা মার্কার প্রার্থী আরো বলেন, বিএনপিকে মানুষ আগেই রংপুরের রাজনীতি থেকে বিতাড়িত করেছে। আর এখন আছেন হুসেইন মুহম্মদ এরশাদ সাহেব। তিনি বিরোধী দলেও আছেন সরকারি দলেও আছেন। তবে রাজনীতির মাঠে তিনি রংপুরের নির্বাচনে আমাদের এন্টি পার্টি। লাঙলকে বিতাড়িত করে নৌকাকে বিজয়ী করবে রংপুরের মানুষ। রংপুরের মানুষ আর ভুল করতে চায় না।
আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে: মোস্তফা
জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন,আওয়ামী লীগের প্রার্থী ও তার সমর্থকেরা নির্বাচন নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র করছে বলে আমরা শুনছি। ভোট কেন্দ্রে যদি কোনো পক্ষ লাঙ্গলের বিজয় ঠেকাতে ঝামেলা করার চেষ্টা করে তাহলে জাতীয় পার্টির নেতাকর্মীরা তা সর্বশক্তি দিয়ে প্রতিহত করবে। এতে মামলা মোকদ্দমা, জেল জুলুম সব আমি সামলাবো। আমরা কোনো ছাড় দেবো না।
তিনি আরো বলেন, লাঙ্গল এবং মোস্তফার পক্ষে আল্লাহ তায়ালার অশেষ রহমতে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আমার কর্মী সমর্থক ভোটাররারা সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটাধিকার প্রদানের পাশাপাশি কেন্দ্রে অতন্ত্র প্রহরী হিসেবে থাকবেন।
লাঙ্গল প্রতীকের প্রার্থী মোস্তফা বলেন, আল্লাহর রহমতে বিশাল ভোটের ব্যবধানে লাঙ্গল প্রতীক এখানে জয়ী হবে। যা জাতীয় পার্টিকে সারাদেশ এবং বিশ্বে উচ্চাসনে নিয়ে যাবে। উল্লেখ্য ২০১২ সালের নির্বাচনে মোস্তাফিজার রহমান মোস্তফা মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করে দ্বিতীয় হয়েছিলেন।
লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে ব্যর্থ নির্বাচন কমিশন: বাবলা
বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী কাওছার জামান বাবলা বলেছেন, নির্বাচন কমিশনই বলছে ১৯৩টি ভোটকেন্দ্রের মধ্যে ১২৮ টিকে ঝুঁকিপূর্ণ। তাছাড়া বর্তমান অবৈধ সরকারের বিরুদ্ধে দেশের মানুষ যেমন একাট্টা। ঠিক তেমনি রংপুর সিটি করপোরেশনের মানুষও একাট্টা। তারা ধানের শীষকে বিজয়ী করবেন। ইলেকশন ইঞ্জিনিয়ারিং ছাড়া আমার বিজয় কেউ ঠেকাতে পারবে না।
বাবলা আরো বলেন, আমরা বার বার বলেছি, সেনাবহিনী মোতায়েন করা হোক। কিন্তু সরকার ধানের শীষের ভয়ে ভীত হয়ে সেনাবাহিনী মোতায়েন করেনি। এই নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া নিয়ে আমরা সংশয় প্রকাশ করে এসেছি। এখনও করছি। এই নির্বাচনটি লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে ব্যর্থ হয়েছে নির্বাচন কমিশন। সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হলে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে ইনশাল্লাহ।
প্রসঙ্গত, ২০১২ সালের প্রথম নির্বাচনে ২০ হাজারেরও কিছু বেশি ভোট পেয়ে চতুর্থ অবস্থানে ছিলেন কাওছার জামান বাবলা। অবশ্য আগের দিন তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন তিনি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D