২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৩ পূর্বাহ্ণ, নভেম্বর ২২, ২০১৭
ঠাকুরগাঁও : দলীয় নেতাকর্মীদের উপর সরকারের দমন-পীড়নের কথা বলতে গিয়ে আবারো কাঁদলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও জেলা পরিষদ মিলনায়তনে জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেয়ার একপর্যায়ে এ ঘটনা ঘটে।
এর আগে গত ৮ জুলাই ঠাকুরগাঁও সদরের রায়পুর ইউনিয়নে এক সভায়ও সরকারের বিরুদ্ধে একই অভিযোগ তুলে তিনি কেঁদেছিলেন।
বক্তব্য দেওয়ার এক পর্যায়ে তিনি কেঁদে ফেলেন। এ সময় সভায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
পরে নিজেকে সামলে নিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘এমন একটা দুঃসময়, গ্রেপ্তার খুন চলছেই। এই সরকার, যারা আমাদের গণতন্ত্রের সব স্তম্ভকে ধ্বংস করে দিয়েছে, মানুষের অধিকারগুলোকে কেড়ে নিয়েছে। ভোটের অধিকার কেড়ে নিয়েছে। আমাদের বেঁচে থাকার মৌলিক অধিকারগুলোও কেড়ে নিয়েছে।’
মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আমাদের মা-বোনদের কোনো নিরাপত্তা নেই। মানুষেরও নিরাপত্তা নেই। খবরের কাগজ খুললেই দেখবেন নারীদের লাঞ্ছনা করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। খবরের কাগজ খুললেই দেখবেন আমার ভাইকে গুলি করে মেরে ফেলা রাখা হয়েছে। গুম হয়ে গেছে। গত কয়েক বছরে হাজারো মানুষকে হত্যা করা হয়েছে। পাঁচ শতাধিক মানুষকে গুম করে ফেলা হয়েছে।’
এর আগে দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁওয়ের জেলা পরিষদ মিলনায়তনে জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা ও দলীয় সংগীতের তালে তালে সাংগঠনিক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়। সম্মেলন উদ্বোধন করেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভানেত্রী আফরোজা আব্বাস।
আলোচনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সহসভাপতি জিবা খান, সিনিয়র যুগ্ম সম্পাদিকা হেলেন জেরিন খান, রংপুর বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আসাদুল হাবিব দুলু, জেলা বিএনপি সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও জেলা মহিলা দলের আহ্বায়িকা ফোরাতুন নাহার প্যারিস।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D