২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০১৭
রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে শিশুকে গভীর মমতায় আদর করলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার কক্সবাজারের উখিয়ায় ময়নার ঘোনা রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ বিতরণ করতে গিয়ে এক শিশুকে কোলে নিয়ে মায়ের মমতায় কোলে তুলে নেন তিনি।
এসময় খালেদা জিয়া মায়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর সেনা নির্যাতনের তীব্র নিন্দা জানান এবং ক্ষোভ প্রকাশ করেন। তিনি বার্মিজ সেনা অভিযানের মুখে প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা জনগোষ্ঠীকে শীতের আগেই ফিরিয়ে নিতে দেশটির প্রতি আহ্বান জানান। মানবতার সুরক্ষায় দেশটির প্রতি চাপ দিতেও আন্তর্জাতিক সম্পদায়ের প্রতি আহ্বান জানান বেগম জিয়া।
এই সফরে তিনি মোট ৪৫ ট্রাক ত্রাণ নিয়ে গেছেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
এই ত্রাণের মধ্যে আছে ১১০ টন চাল এবং পাঁচ হাজার শিশু ও পাঁচ হাজার সন্তানসম্ভবা নারীর জন্য বিশেষ খাবার। ৪৫ ট্রাক ত্রাণের মধ্যে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল বিতরণ করছে নয় ট্রাক ত্রাণ। বাকি ত্রাণ হস্তান্তর করা হয়েছে ত্রাণ বিতরণে সমন্বয়ের দায়িত্বে থাকা সেনাবাহিনীর কাছে।
খালেদা জিয়া বলেন, সরকার প্রথমে রোহিঙ্গাদের আশ্রয় দিতে চায়নি। নির্যাতিত রোহিঙ্গাদের আশ্রয় দিতে আমি আগেই সরকারকে অনুরোধ করেছি। তিনি বলেন, বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদেরকে নিজ দেশে পাঠাতে সরকারের তৎপরতা যথেষ্ট নয়। রোহিঙ্গাদের ফেরাতে সরকার কূটনৈতিকভাবে ব্যর্থ হয়েছে।
মায়ানমার বাহিনীর হত্যা-নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদেরকে সরকার সঠিকভাবে সেবা দিতে পারেনি বলে মন্তব্য করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেন, নির্যাতিত রোহিঙ্গাদের যেভাবে সেবা দেয়ার দরকার ছিল, সরকার সেভাবে সেবা দিতে পারেনি।
খালেদা জিয়া বলেন, বাংলাদেশ ছোট ও দরিদ্র দেশ।আমাদের হৃদয় আছে বলে আমার তাদের পাশে দাঁড়িয়েছি। দেশের বিভিন্ন এনজিও সংস্থাগুলো তাদের পাশে দাঁড়িয়েছে। তবে তাদের স্থায়ী ভাবে আমাদের পক্ষে রাখা সম্ভব নয়। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি প্রধান।
সোমবার বেলা পৌনে ১ টার দিকে উখিয়ার ক্যাম্পে পৌঁছান তিনি। এর আগে পৌনে ১১ টার দিকে কক্সবাজার সার্কিট হাউস থেকে উখিয়ার পথে রওনা হন তিনি।
এর আগে রবিবার রাত ৮টার দিকে কক্সবাজার সার্কিট হাউসে পৌঁছান সাবেক এই প্রধানমন্ত্রী। দীর্ঘ গাড়িবহর নিয়ে দলীয় নেতা-কর্মী ও জনতার বিশাল ভিড় পার হয়ে টানা আট ঘণ্টায় কক্সবাজারে পৌঁছান তিনি।
উখিয়ার কুতুপালং, শফিউল্লাহ কাটা ও বালুখালী ক্যাম্পে আশ্রয় নেয়া অসহায় রোহিঙ্গাদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করবেন। এ ছাড়াও তিনি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) পরিচালিত একটি চিকিৎসা ক্যাম্পও পরিদর্শন করবেন।
চারটি রোহিঙ্গা ক্যাম্পে প্রায় ১০ হাজার রোহিঙ্গা পরিবারের মাঝে ৪৫ ট্রাক নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র এবং খাদ্যসামগ্রী বিতরণ করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
সরাসরি রোহিঙ্গাদের হাতে ত্রাণ দেয়ার ক্ষেত্রে বিধিনিষেধ থাকায় ত্রাণের ট্রাকগুলো বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও মির্জা আব্বাস সোমবার সকাল ৯টায় সেনাবাহিনীর কাছে হস্তান্তর করবেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়েরুল কবীর খান।
তিনি জানান, এই ত্রাণের একটি অংশ বেগম জিয়া উখিয়ার ময়নাগর এলাকা থেকে শুরু করে চারটি স্পটে সকাল ১০টা থেকে রোহিঙ্গাদের হাতে তুলে দেবেন।
এছাড়াও বেগম জিয়া পাঁচ হাজার শিশু খাদ্য ও প্রসূতি সামগ্রী বিতরণের জন্য ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাবের হাতে তুলে দেবেন বলে জানান শায়রুল।
প্রসঙ্গত, কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন ও ত্রাণ বিতরণের উদ্দেশে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে গুলশানের বাসভবন থেকে রওনা হন বিএনপি চেয়ারপারসন।
বিকেল সোয়া ৫টার দিকে তার গাড়িবহরটি ফেনীতে প্রবেশের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদরের ফতেহপুরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে সাংবাদিকসহ কয়েকজন আহত হন। বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়।
খালেদা জিয়া বিকেল ৫টা ১০ মিনিটে ফেনী সার্কিট হাউজে পৌঁছান। যাত্রাবিরতি শেষে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে তিনি ফেনী থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা হন।
রাত পৌনে ৮টার দিকে মিরসরাই এলাকায় ফের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। মিরসরাই এলাকায় পৌঁছালে ইট ছুড়ে এনটিভি’র গাড়ির দু’দিকের গ্লাস ভেঙে দেওয়া হয়। এতে তিনজন আহত হন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D