২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০১৭
লন্ডনে অবস্থানরত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে দলটির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী যুবদল ও ছাত্রদল।
এ পরোয়ানার প্রতিবাদে মঙ্গলবার দেশের সকল জেলা সদর ও মহানগরসমূহে বিক্ষোভ কর্মসূচি পালন করবে যুবদল।
সংগঠনের সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু সোমবার এই কর্মসূচি ঘোষণা করেন। নেতৃদ্বয় দেশের সকল জেলা ও মহানগর কমিটি সমূহকে ঘোষিত প্রতিবাদ কর্মসূচি যথাযথভাবে পালন করার জন্য অনুরোধ করেছেন।
এদিকে, তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা অবৈধ উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো: আকরামুল হাসান এই কর্মসূচির ঘোষণা দেন।
রাষ্ট্রদ্রোহ মামলায় তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
লন্ডনে চিকিৎসারত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ তিনজনের বিরুদ্ধে রাজধানীর তেজগাঁও থানায় দায়ের করা রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।
সোমবার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এই পরোয়ানা জারি করেন। আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তাপস কুমার পাল জানান, সোমবার আদালতে মামলাটির অভিযোগপত্র আমলে নেওয়ার দিন ধার্য ছিল। বিচারক অভিযোগপত্রটি আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
পরোয়ানাভুক্ত অন্য আসামিরা হলেন সাংবাদিক মাহাথীর ফারুকী খান ও কনক সরোয়ার খান। এর আগে ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক এমদাদ হোসেন তারেক রহমানসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
এ মামলার অন্য আসামি বেসরকারি টেলিভিশন একুশে টিভির (ইটিভি) সাবেক চেয়ারম্যান আবদুস সালাম কারাগারে আটক রয়েছেন। অভিযোগপত্রটি দণ্ডবিধির ১২৪ ও পুলিশ ইনসাইটমেন্ট অব ডিস অ্যাফেকশনের ১৯২২-এর ৩ ধারায় দাখিল করা হয়েছে।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৫ সালের ১ আগস্ট রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি করেন এসআই বোরহান উদ্দিন। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা ও কালো’ দিবস উপলক্ষে পূর্ব লন্ডনের অট্রিয়াম অডিটরিয়ামে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন তারেক রহমান। সেখানে তিনি দেশের বিচার বিভাগ, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে এমন মন্তব্য করেছেন, যাতে জনমনে হিংসার উদ্রেক হয়েছে।
এর আগে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন গাজীপুরের জেলা জজ আদালতে। জয়দেবপুর থানায় ২০১৫ সালের দ্রুত বিচার আইনে দায়ের করা একটি মামলায় তাদের বিরুদ্ধে মঙ্গলবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।গাজীপুর জেলা পুলিশ পরিদর্শক মো. মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এ মামলায় অন্যান্যের মধ্যে তারেক রহমানের বন্ধু ব্যবসায়ী লুৎফর রহমান, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অধ্যাপক মান্নানের ছেলে মো. মঞ্জুরুল হক রয়েছেন বলে জানা গেছে।
গত নয় বছর ধরে পরিবার নিয়ে যুক্তরাজ্যে অবস্থান করা তারেকের বিরুদ্ধে আরো কয়েক ডজন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। মুদ্রা পাচারের এক মামলায় তার সাত বছরের সাজার রায়ও হয়েছে গত বছর।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D