চরম সঙ্কটেও খালেদা জিয়া দেশে নেই : সেতুমন্ত্রী

প্রকাশিত: ৯:৫২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০১৭

চরম সঙ্কটেও খালেদা জিয়া দেশে নেই : সেতুমন্ত্রী

কক্সবাজার : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রোহিঙ্গাদের কারণে দেশ এখন চরম সঙ্কটে রয়েছে। সারা দেশের মানুষ রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছে। কিন্তু এই সংকটেও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দেশে নেই। তিনি এই সংকটেও মাসের পর মাস লন্ডনে অবস্থান করছেন।

মঙ্গলবার সকালে কক্সবাজার শহরের গোলদীঘির পাড়ে ইন্দ্রসেন দুর্গাবাড়ি মন্দিরে দুর্গোৎসবের উদ্বোধন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, অল্প সময়ের মধ্যে রোহিঙ্গাদের ব্যাপারে বলিষ্ঠ ভূমিকা রাখা ও তাদের মানবিক আশ্রয় দেয়ায় পুরো পৃথিবী শেখ হাসিনা সরকারের প্রশংসায় পঞ্চমুখ। কিন্তু বিএনপিই একমাত্র দল, যারা সমালোচনা করে যাচ্ছে। প্রকৃতপক্ষে রোহিঙ্গাদের বাস্তব পরিস্থিতি দেখতে তারা উখিয়া-টেকনাফে আসেন না। শুধু ঢাকায় বসে অন্ধকারে ঢিল ছোড়েন।

ওবায়দুল কাদের বলেন, এক মাস ধরে চার লাখেরও বেশি রোহিঙ্গা উখিয়া-টেকনাফে অবস্থান করছে। এখন পর্যন্ত কোথাও কোনো বিশৃঙ্খলার অভিযোগ ওঠেনি। কিন্তু বিএনপি সেখানেও অভিযোগ তুলছে। প্রথমবার নিয়মকানুন মানেনি বলে বিএনপিকে ত্রাণ বিতরণে বাধা দেয় জেলা প্রশাসন। এরপর বিএনপি নেতারা একাধিকবার ত্রাণ দিয়েছেন, সেখানে কিন্তু বাধা দেয়া হয়নি। বিএনপি আসলে নিয়মকানুন না মেনে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়।

এর আগে মন্দির প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী প্রধান অতিথির বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি আয়োজন করে বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ কক্সবাজার জেলা শাখা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি রণজিত দাশ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক বাবুল শর্মা।

এ সময় উপস্থিত ছিলেন, উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আবদুর রহমান বদি, কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, জেলা প্রশাসক মো. আলী হোসেন, পুলিশ সুপার এ কে এম ইকবাল হোসেন, কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খালেদ মাহমুদ, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুফিজুর রহমান, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ প্রমুখ।