প্রধান বিচারপতিকে সরিয়ে দেয়ার খবর গুজব, এ গুজব ছড়াচ্ছে বিএনপি : কাদের

প্রকাশিত: ৩:০৬ পূর্বাহ্ণ, আগস্ট ২৪, ২০১৭

প্রধান বিচারপতিকে সরিয়ে দেয়ার খবর গুজব, এ গুজব ছড়াচ্ছে বিএনপি : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধান বিচারপতিকে অসুস্থ দেখিয়ে সরিয়ে দেয়া হচ্ছে এটা গুজব, এ গুজব ছড়াচ্ছে বিএনপি।

বুধবার রাতে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সুপ্রিম কোর্টের রায় নিয়ে উসকানিমূলক বক্তব্য দিয়ে তারা (বিএনপি) আরেকটি ইস্যু তৈরি করার চেষ্টা করছে। তারা হয়তো ভাবছে, হয়তো এই সরকারের রক্ষা নেই।

তিনি বলেন, পিলখানার হত্যাকাণ্ডের পরও তারা এমনটি ভেবেছিল। কিন্তু এমন অবাস্তব স্বপ্ন বাস্তবায়িত হয়নি, হবেও না।

কাদের বলেন, প্রধান বিচারপতিকে অসুস্থ দেখিয়ে সরিয়ে দেয়া হচ্ছে এটা গুজব, এ গুজব ছড়াচ্ছে বিএনপি। ভেবেছে, তাদের সুবর্ণ বিজয় সমাগত, ময়ূরসিংহাসন তাদের জন্য অপেক্ষা করছে। কিন্তু তাদের দিবা-স্বপ্নের ফাঁপা বেলুন অচিরেই চুপসে যাবে।

আওয়ামী লীগকে চরম মূল্য দিতে হবে—বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, চরম মূল্য আপনাদের দিতে হবে। উসকানিমূলক কথা বলে ঘোলা পানিতে মাছ শিকার করে আর ক্ষমতায় আসা যাবে না। যে সাপ নিয়ে খেলা শুরু করেছেন, সেই সাপের ছোবল থেকে রেহাই পাবেন না।