সিলেটে সংসদ সদস্যের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ, এক সপ্তাহে দ্বিতীয় হামলা

প্রকাশিত: ৯:৫০ পূর্বাহ্ণ, নভেম্বর ২৮, ২০২৬

সিলেটে সংসদ সদস্যের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ, এক সপ্তাহে দ্বিতীয় হামলা

নিজাম ইউ জায়গীরদার : সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবদুল মালিকের বাসার চালে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) ভোরে দক্ষিণ সুরমা উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কসংলগ্ন তার বাসভবনে এই হামলার ঘটনা ঘটে। স্থানীয় ও দলীয় সূত্রগুলো এ হামলার জন্য আওয়ামী দুর্বৃত্তদের দায়ী করেছে। তবে নিরাপত্তাকর্মীদের তৎপরতায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

​সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মিডিয়া মুখপাত্র মো. আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোরের দিকে একদল দুর্বৃত্ত বাসার বাইরে থেকে ভেতরে পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। বোমাটি বাসার চালে পড়লে আগুনের সূত্রপাত হয়। বিষয়টি টের পেয়ে বাসার নিরাপত্তাকর্মীরা তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনেন।

​পুলিশের এই কর্মকর্তা আরও জানান, হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে ইতোমধ্যে পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে।

​উল্লেখ্য, এর আগে গত শুক্রবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার প্রধান ফটকেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। মাত্র এক সপ্তাহের ব্যবধানে সিলেট মেট্রোপলিটন পুলিশের আওতাধীন এলাকায় দুই গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তির বাসভবনে এ ধরনের হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মাঝে উদ্বেগ সৃষ্টি হয়েছে।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট