|
প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৬
বেসরকারি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির নতুন নীতিমালা প্রকাশ করেছে সরকার। নতুন এই নীতিমালায় একই পরিবারের ভাইবোনদের একই শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ার সুযোগ নিশ্চিত করতে বিশেষ কোটার ব্যবস্থা রাখা হয়েছে।
নীতিমালা অনুযায়ী, ২০২৭ শিক্ষাবর্ষে সহোদর ভাইবোনদের জন্য ৩ শতাংশ এবং যমজ ভাইবোনদের জন্য ২ শতাংশ আসন সংরক্ষণ করা হবে। এছাড়া মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য ৫ শতাংশ, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য ২ শতাংশ এবং লিল্লাহ বোর্ডিং ও এতিমখানায় থাকা শিশুদের জন্য ৩ শতাংশ আসন সংরক্ষিত থাকবে।
শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্যও বিশেষ কোটা রাখা হয়েছে নীতিমালায়।
বুধবার (১১ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জারি করা ২০২৭ শিক্ষাবর্ষের বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক, নিম্নমাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরে শিক্ষার্থী ভর্তি নীতিমালায় এসব নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে আবেদনকারী শিক্ষার্থীর সহোদর ভাই বা বোন আগে থেকেই অধ্যয়নরত থাকলে নতুন আবেদনকারীর জন্য ৩ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। একইভাবে কোনো শিক্ষার্থীর যমজ ভাই বা বোন আগে থেকে ওই প্রতিষ্ঠানে পড়াশোনা করলে নতুন আবেদনকারীর জন্য ২ শতাংশ আসন সংরক্ষণ করতে হবে। এ সুবিধা সর্বোচ্চ তিন সন্তান পর্যন্ত প্রযোজ্য হবে।
অর্থাৎ, কোনো পরিবারের একজন সন্তান আগে থেকেই একটি বিদ্যালয়ে পড়াশোনা করলে তার অন্য সন্তানদের ভর্তির আবেদনের ক্ষেত্রে এ কোটা বিবেচনা করা হবে। আবার যমজ ভাইবোনের একজন আগে থেকে ওই বিদ্যালয়ে পড়লে অন্যজনও নির্ধারিত কোটায় ভর্তির সুযোগ পাবে। তবে এ ক্ষেত্রে আবেদনকারীকে সংশ্লিষ্ট সম্পর্কের প্রমাণপত্র জমা দিতে হবে।
মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য ৫ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। এই কোটা সুবিধা পেতে আবেদনপত্রের সঙ্গে সংশ্লিষ্ট প্রমাণপত্রের সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে। ভর্তির সময় মূল কাগজপত্র দেখাতে হবে। এক্ষেত্রে মুক্তিযোদ্ধা সনদ যথাযথভাবে যাচাই করে ভর্তি কার্যক্রম গ্রহণ করতে হবে।
বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য ২ শতাংশ আসন সংরক্ষণের নির্দেশনা রয়েছে। এক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা থাকার শর্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রত্যয়নপত্র জমা দিতে হবে। লিল্লাহ বোর্ডিং ও এতিমখানায় থাকা শিশুদের জন্যও ৩ শতাংশ আসন সংরক্ষণ করা হবে। এ সুবিধা পেতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র প্রয়োজন হবে।
সেইসঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্যও বিশেষ কোটা রাখা হয়েছে।
এছাড়া, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বদলিজনিত কারণে সন্তানদের অন্য বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে বিশেষ সুযোগ রয়েছে। বদলির আদেশের তারিখ থেকে ১২ মাসের মধ্যে আবেদন করতে হবে। বদলিজনিত কারণে নতুন কর্মস্থলের নিকটবর্তী বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে প্রতি শ্রেণির শাখায় মোট আসনের অতিরিক্ত ৫ শতাংশ আসন সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে।
নীতিমালায় বলা হয়েছে, কোনো কোটায় উপযুক্ত প্রার্থী পাওয়া না গেলে সংশ্লিষ্ট আসন সাধারণ শিক্ষার্থীদের মধ্য থেকে মেধাক্রম অনুসারে পূরণ করতে হবে। কোনো অবস্থাতেই শুধু কোটার জন্য আসন খালি রাখা যাবে না।
আবেদন ফরমের মূল্য
২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদন ফরমের মূল্যও নির্ধারণ করে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। প্রথম শ্রেণিতে ভর্তির জন্য অনলাইন আবেদন ফরমের মূল্য সর্বোচ্চ ১১০ টাকা। আর দ্বিতীয় থেকে নবম শ্রেণির ক্ষেত্রে এ মূল্য সর্বোচ্চ ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
নীতিমালা অনুযায়ী, লিখিত পরীক্ষার মাধ্যমে ভর্তি নেওয়া হবে এমন শ্রেণির আবেদন ফরম বিদ্যালয়ের কার্যালয় থেকে সংগ্রহ করা যাবে। পাশাপাশি বিদ্যালয়ের ওয়েবসাইট থেকেও ফরম সংগ্রহের ব্যবস্থা রাখা যাবে। আবেদন ফরম বিতরণ ও জমা দেওয়ার বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট তারিখ ও সময় উল্লেখ করতে হবে। ফরম বিতরণের জন্য কমপক্ষে সাত কর্মদিবস সময় দিতে হবে।
আবেদন ফরমের নির্ধারিত স্থানে পরীক্ষার্থীর পাসপোর্ট আকারের ছবি সংযুক্ত করতে হবে। ফরম জমা দেওয়ার সময় শিক্ষার্থীর রোল নম্বরসহ প্রবেশপত্র দিতে হবে। ভর্তি পরীক্ষার জন্য আবেদন করা শিক্ষার্থীদের পরীক্ষার হলে প্রবেশপত্র সঙ্গে রাখতে হবে।
ভর্তি ফি কত?
আবেদন ফরমের মূল্য ছাড়াও ভর্তি ও অন্যান্য ফি আদায়ের ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে মন্ত্রণালয়ের নির্ধারিত সীমা অনুসরণ করতে হবে। নীতিমালা অনুযায়ী, ঢাকা মহানগর এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি ফি সর্বোচ্চ পাঁচ হাজার টাকা। অন্যান্য মহানগর এলাকায় তিন হাজার টাকা, জেলা শহরে দুই হাজার টাকা এবং উপজেলা পর্যায়ে এক হাজার টাকা ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে।
এছাড়া এমপিওভুক্ত, আংশিক এমপিওভুক্ত ও এমপিওবিহীন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে ভর্তি ও অন্যান্য ফি আদায়ের নিয়মে পৃথক নির্দেশনা রয়েছে। ঢাকা মহানগর এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত সীমার বাইরে অতিরিক্ত অর্থ আদায় করা থেকে বিরত থাকতে হবে।
নীতিমালায় বলা হয়েছে, সরকার নির্ধারিত ফির বাইরে কোনো অর্থ আদায় করা যাবে না। কোনো শিক্ষাপ্রতিষ্ঠান অতিরিক্ত টাকা আদায় করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমপিও বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রমে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নির্ধারিত শূন্য আসনের বাইরে শিক্ষার্থী ভর্তি করতে পারবে না। ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে তদারকি ও পরিবীক্ষণ কমিটি গঠনের নির্দেশনাও দেওয়া হয়েছে। এসব কমিটি ভর্তি কার্যক্রম পর্যবেক্ষণ করবে এবং কোনো অনিয়ম বা সমস্যা দেখা দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D