যশোরে যুবলীগের ঝটিকা মিছিল, আটক ৪

প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২৬

যশোরে যুবলীগের ঝটিকা মিছিল, আটক ৪

যশোর শহরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের ব্যানারে সরকারবিরোধী ঝটিকা মিছিলের ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

রোববার (১ নভেম্বর) রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন শহর যুবলীগের নির্বাহী সদস্য রফিকুল ইসলাম রহমত, মিছিলের নেতৃত্বদানকারী শহীদুল ইসলাম ওরফে শেখ শহীদ, মোহাম্মদ আলী ও ইমরান খান বাদল।

মোহাম্মদ আলী ও ইমরান খান বাদলের বিরুদ্ধে রোববারের মিছিলে অংশ নেওয়ার অভিযোগ রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম রহমত যশোর শহরের পুরাতন কসবা ঘোষপাড়া বিবি রোডের পুলিশ লাইন টালিখোলা এলাকার মাওলানা আব্দুল কাদেরের ছেলে।

উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ অলক কুমার দে জানান, রহমত যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত।

এলাকায় তিনি ‘টাক মিলনে’র অনুসারী হিসেবে পরিচিত।

তার বিরুদ্ধে অতীতে মাদক ও অস্ত্র সংক্রান্ত অপরাধসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

গত রোববার রাতে উপশহর এলাকা থেকে তাকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মিছিলের নেতৃত্বদানকারী শহীদুল ইসলাম ওরফে শেখ শহীদ নীলগঞ্জ তাঁতিপাড়া এলাকার শেখ আব্দুল হালিমের ছেলে।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, রোববার খুব সকালে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের ব্যানারে শহরের মাইকপট্টি এলাকায় সরকারবিরোধী মিছিল বের হয়।

ওই মিছিলে নেতৃত্ব দেওয়ার অভিযোগে শেখ শহীদকে রোববার গভীর রাতে আটক করা হয়েছে।

ডিবির উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, এ ঘটনায় আটক মোহাম্মদ আলী শহরের শংকরপুর ছোটনের মোড় এলাকার নাজিম উদ্দীনের ছেলে।

ডিবির এসআই কামাল হোসেন জানান, একই ঘটনায় ইমরান খান বাদল নামে এক যুবলীগ কর্মীকে আটক করা হয়েছে।

তিনি পুরাতন কসবা সেবা সংঘ স্কুলের পাশের এলাকার মৃত আব্দুল লতিফ খানের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার সকালে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ব্যানারে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে একটি ঝটিকা মিছিল বের করা হয়।

মিছিলে মুখে মাস্ক পরা এবং বোরকা পরিহিত নারী-পুরুষ মিলিয়ে কয়েকজন অংশ নেন।

মিছিলটি শহরের লালদীঘির পাড় ও মাইকপট্টি এলাকা ঘুরে পলাতক যুবলীগ নেতা সাবেক কাউন্সিলর সুমনের বাড়ির সামনে গিয়ে শেষ হয়।

এ ঘটনায় আটক ব্যক্তিদের সোমবার আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ জানিয়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট