|
প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২৬
শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত বাহিনী স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের নাশকতা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় নিয়মিত টহল, চেকপোস্ট কার্যক্রম, গোয়েন্দা নজরদারি ও ড্রোনের মাধ্যমে পর্যবেক্ষণ চালানো হচ্ছে।
সোমবার (১৯ অক্টোবর) এসআরবি-৯-এর অধিনায়ক উইং কমান্ডার মো. তাজমিনুর রহমান চৌধুরী, পিএসসি, জিডি(পি) হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এর আগে তিনি ১৬ অক্টোবর সুনামগঞ্জ, ১৭ অক্টোবর মৌলভীবাজার এবং ১৮ অক্টোবর সিলেট জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপ পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেন। এ সময় তাঁদের মধ্যে মিষ্টি ও পানি বিতরণ করা হয়। পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কমিটিগুলোর সঙ্গে সমন্বয় বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এসআরবি-৯-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্গাপূজাকে কেন্দ্র করে সামাজিক সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ব্যাটালিয়নের আওতাধীন এলাকায় পর্যাপ্ত সদস্য মোতায়েন করা হয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা রক্ষা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে নিয়মিত টহল পরিচালনা করা হচ্ছে। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ধারাবাহিকভাবে চেকপোস্ট কার্যক্রম চালানোর পাশাপাশি সার্বিক পরিস্থিতির ওপর গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো প্রতিরোধ এবং সাইবার অপরাধ নিয়ন্ত্রণে এসআরবি-৯-এর সাইবার মনিটরিং সেল সার্বক্ষণিক তদারকি করছে। বিভিন্ন উগ্রবাদী সংগঠন, স্বার্থান্বেষী মহল কিংবা সন্ত্রাসীরা যাতে কোনো ধরনের নাশকতা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে জন্য সাদা পোশাকে সদস্যরা বিভিন্ন পূজামণ্ডপ ও গুরুত্বপূর্ণ স্থানে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় এসআরবি-৯-এর নিয়মিত টহল কার্যক্রমের পাশাপাশি বোমা নিষ্ক্রিয়করণ দল প্রস্তুত রয়েছে। ড্রোনের মাধ্যমে নিরাপত্তা নজরদারিও চালানো হচ্ছে। কেন্দ্রীয় কন্ট্রোল রুমের মাধ্যমে বিভিন্ন এলাকা থেকে সার্বক্ষণিক তথ্য সংগ্রহ করে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এসআরবি-৯ কর্তৃপক্ষ জানিয়েছে, বিজয়া দশমী উপলক্ষে প্রতিমা বিসর্জন সম্পন্ন না হওয়া পর্যন্ত টহল কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা জোরদার করার এ কার্যক্রমও চলমান থাকবে।
বাহিনীটির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, যেকোনো ধরনের সহিংসতা ও নাশকতার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণে তারা বদ্ধপরিকর।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D