|
প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৬
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রধান প্রকৌশলী জয়নাল আহমেদ চৌধুরীসহ চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত তিন কর্মকর্তার নিয়োগ বাতিল করা হয়েছে। একইসাথে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ রাস্তা সংস্কারে ৮৭ লাখ টাকা ব্যয়ের বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
গত শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ২৪৩তম সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন একাধিক সিন্ডিকেট সদস্য।
নিয়োগ বাতিল হওয়া অন্য কর্মকর্তারা হলেন- রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির, প্রকৌশলী বিকাশ চন্দ্র দাস।
রেজিস্ট্রার দপ্তরের তথ্যমতে, ২০২৪ সালের ৫ আগস্টের পর রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক পদগুলো পুনর্বিন্যাসের অংশ হিসেবে অতিরিক্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদিরকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এবং প্রকৌশল দপ্তরের কর্মকর্তা জয়নাল ইসলাম চৌধুরীকে ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী হিসেবে নিয়োগ দিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সিন্ডিকেট সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে অতিরিক্ত রেজিস্ট্রার কালাম আহমদ চৌধুরী এবং ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী হিসেবে পুর ও পরিবেশ প্রকৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. শাহিদুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়াও অভ্যন্তরীণ সড়ক মেরামতের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. রবিউল ইসলামকে সভাপতি করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কালাম আহমেদ চৌধুরী এবং সিন্ডিকেট সদস্য আব্দুল কাইয়ুম চৌধুরী ও সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. শাহিদুর রহমান।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম বলেন, সিন্ডিকেটের সব সদস্যের সিদ্ধান্ত অনুযায়ী প্রধান প্রকৌশলীসহ চুক্তিভিত্তিক নিয়োগে থাকা সবার নিয়োগ বাতিল করা হয়েছে।
রাস্তা সংস্কারের কাজের তদন্তের বিষয়ে উপাচার্য বলেন, এই কাজে ৮৭ লাখ টাকা ব্যয় হয়েছে। অথচ এর চেয়ে বেশি কাজ সাড়ে পাঁচ লাখ টাকায় করা হয়েছে। এ নিয়ে শিক্ষার্থীসহ বিভিন্ন পক্ষ থেকে তদন্তের চাপ ছিল। তাই বিষয়টি খতিয়ে দেখতে কমিটি গঠন করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D