চাচাতো ভাইয়ের বর্শার আঘাতে ব্যবসায়ীর মৃত্যু

প্রকাশিত: ১০:২২ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২৬

চাচাতো ভাইয়ের বর্শার আঘাতে ব্যবসায়ীর মৃত্যু

সুনামগঞ্জের জগন্নাথপুরে বোনের বিয়ের দাওয়াত পাঠানোকে কেন্দ্র করে প্রতিবেশী চাচাতো ভাইদের বর্শার আঘাতে নাজিম উদ্দিন (৪৮) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

শনিবার (১৭ অক্টোবর) বেলা ১১টার দিকে জগন্নাথপুর পৌরসভার লুদরপুর লম্বা হাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাজিম উদ্দিন ওই গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার নাজিম উদ্দিনের বোন মরিয়ম বেগমের বিয়ে হয়। বিয়ের আগে নাজিম উদ্দিন নিজে দাওয়াত না দিয়ে তার বোনদের মাধ্যমে প্রতিবেশী মৃত মাসুক মিয়ার ছেলে মাসুম, মামুন, মঞ্জু, মুবিনদের দাওয়াত পাঠান। এতে ক্ষুব্ধ হয়ে অভিযুক্তরা বিয়েতে অংশ নেননি।

এর জের ধরে শনিবার সকালে মাসুম, মামুন, মঞ্জু, মুবিনসহ তাদের লোকজন নাজিম উদ্দিনের পরিবারের সদস্যদের বসতঘরের ভেতরে আটকে রেখে বাইরে থেকে তালা ঝুলিয়ে দেয়। এ সময় নাজিম উদ্দিন নিজ বাড়ির মুদি দোকানে অবস্থান করছিলেন। খবর পেয়ে নাজিম উদ্দিন বাড়িতে এলে চাচাতো ভাই মাসুম, মামুন, মঞ্জু, মুবিনসহ ৮-১০ জনের একটি দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাঁর ওপর হামলা চালায়। হামলার একপর্যায়ে অভিযুক্ত মামুন বর্শা দিয়ে নাজিম উদ্দিনের ডান কাঁধের নিচে বগলের ওপর সজোরে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়লে অন্যরা তাঁর বুকের ওপর উঠে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে।

নাজিমের চিৎকার শুনে আশপাশের প্রতিবেশীরা ছুটে এসে বসতঘরে বন্দি থাকা পরিবারের সদস্যদের তালা খুলে মুক্ত করেন। পরে স্বজনরা গুরুতর আহত অবস্থায় নাজিম উদ্দিনকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জগন্নাথপুর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) নুর হোসেন জানান, খবর পেয়ে পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে মরদেহের সুরতহাল তৈরি করে। পরে ময়না তদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট