|
প্রকাশিত: ১২:১৩ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২৬
সিলেটের গোয়াইনঘাটে বদরুল আলম (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সাদেক আহমদ (৩৫) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।
রোববার (১১ অক্টোবর) ভোর ৫টার দিকে উপজেলার গোরাগ্রামে নিজ বাড়ির পাশের সড়কে এ ঘটনা ঘটে।
নিহত বদরুল আলম উপজেলার হাদারপার গ্রামের মৃত মাওলানা তজম্মুল আলীর ছেলে। তিনি গোয়াইনঘাট উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা আখলাকুল আম্বিয়ার ছোট ভাই। তিনি দীর্ঘদিন থেকে যুবদলের রাজনীতির সাথে জড়িত ছিলেন। এর আগে স্থানীয় ইউনিয়ন ছাত্রদলের নেতা ছিলেন।ব্যক্তিগত জীবনে তিনি দুই ছেলের জনক।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় বদরুল ও সাদেক একসঙ্গে ছিলেন। ভোর ৫টার দিকে পরিবারের সদস্যদের কাছে তাঁদের ওপর হামলার খবর আসে। পরে স্বজনেরা বাড়ির পাশের সড়কে গিয়ে দুজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
পরে তাঁদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বদরুলকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সাদেক সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতের সঙ্গে থাকা সাদেক হোসেনের ভাষ্য অনুযায়ী, বদরুল আলম ও তিনি মনরতল বাজার থেকে হাদারপার গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হন। তাঁদের সঙ্গে ৩০ লাখ টাকা ছিল। পথে গোরাগ্রাম এলাকায় পৌঁছালে কয়েকজন তাঁদের গতিরোধ করে টাকা, মোবাইল ফোন ও অন্যান্য মালামাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় বদরুল আলম বাধা দিলে হামলাকারীরা দা, চাকু, ছুলফিসহ দেশীয় অস্ত্র দিয়ে তাঁদের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই বদরুল আলমের মৃত্যু হয়। তবে সাদেক হোসেন প্রাণে বেঁচে যান।
সাদেক হোসেনের অভিযোগ, হামলায় গোরাগ্রাম গ্রামের মুহিবুর রহমানের ছেলে শাহীনুর রহমান (২৯), মামুন আহমদ (৩৪), আমিনুর রশিদ (৩২), তুহিন আহমদ (২৫), সুহিন আহমদ (২৩) এবং উপরগ্রাম গ্রামের আব্দুস শহীদ ওরফে শহীদ দারের ছেলে নোমান আহমদ জড়িত ছিলেন। তবে তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে। নিহতের মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
প্রত্যক্ষদর্শীর বরাতে ওসি জানান, নিহতের বাড়ির পাশে মসজিদ সংলগ্ন রাস্তায় দুজন ব্যক্তি বদরুল ও সাদেকের ওপর হামলা চালিয়েছেন। এসময় তাদের পাশে একটি মোটরসাইকেল ছিলো। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে। হয়তো পূর্ব বিরোধ থেকে এই ঘটনা ঘটতে পারে। শুনেছি তিনি পেশায় ব্যবসায়ী ছিলেন তবে কি ব্যবসা করতেন তা নিশ্চিত নই।
ওসি আরও জানান, নিহতের দাফন সম্পন্ন হওয়ার পর পরিবারের সদস্যরা মামলা করবেন বলে জানিয়েছেন।
এদিকে, বদরুলের সঙ্গে থাকা ৩০ লাখ টাকা ও কয়েকটি গরু ছিনিয়ে নিতে তাঁকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে স্থানীয় একটি সূত্র। তবে এ অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, ‘আমি এ ধরনের কোনো ঘটনার কথা শুনিনি। এত টাকা নিয়ে তিনি কোথায় যাচ্ছিলেন, কিংবা এর কারণ কী হতে পারে, তা আমার জানা নেই।’

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D