|
প্রকাশিত: ১০:২৫ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২৬
সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা থেকে শাহিন আহমদ (২৫) নামের এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে থানাপুলিশ।
শনিবার (১০ অক্টোবর) বিকাল ৩টার দিকে ১৩২৮ নম্বর সীমান্ত পিলারসংলগ্ন সোনারখেওড় এলাকার একটি কৃষি জমি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
শাহিন আহমদ উপজেলার কেউটি হাওর গ্রামের আব্দুল লতিফের ছেলে। পেশায় দিনমজুর শাহিনের পরিবারে স্ত্রী ও দুটি কন্যাসন্তান রয়েছে।
স্থানীয় সূত্রের ধারণা, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অথবা সীমান্তের ওপারে থাকা অস্ত্রধারী খাসিয়ারা তাঁকে গুলি করে থাকতে পারে। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি শাহিন। শনিবার সকাল ১০টার দিকে স্থানীয় লোকজন বাংলাদেশের অভ্যন্তরীণ এলাকার সোনারখেওড় গ্রামের কৃষি জমিতে তাঁর গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে পরিবারকে খবর দেন। পরে নিহতের বড় ভাই জসিম উদ্দিন কানাইঘাট থানায় বিষয়টি অবহিত করলে পুলিশ বিকেলে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
স্থানীয় কয়েকজনের ভাষ্য, শাহিন মাঝেমধ্যে অবৈধভাবে ভারতে প্রবেশ করে খাসিয়া পুঞ্জিতে শ্রমিকের কাজ করতেন। তাঁদের ধারণা, শুক্রবার রাতে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় তিনি গুলিবিদ্ধ হয়ে থাকতে পারেন। তবে কীভাবে এবং কার গুলিতে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত নয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, সংবাদ পেয়ে সীমান্তবর্তী সোনারখেওড় এলাকা থেকে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর পিঠে গুলির চিহ্ন রয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া ও তদন্ত চলছে। ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D