জকিগঞ্জে দুই ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ ও টাকা লুট

প্রকাশিত: ৯:১৬ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২৬

জকিগঞ্জে দুই ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ ও টাকা লুট

সিলেটের জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের উত্তরকুল গ্রামে গভীর রাতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ অক্টোবর) দিনগত রাত ৩টার দিকে ৮ থেকে ১০ জনের একটি মুখোশধারী ডাকাত দল মাস্টার জামাল উদ্দিন ও ‘জকিগঞ্জ রাজমহল’-এর পরিচালক শামীম আহমেদের বাড়িতে হানা দেয়। এ সময় ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে। তাদেরকে প্রতিরোধ করতে গেলে শামীম আহমদকে মারধর করে।

ডাকাতদের মারধরে গুরুতর আহত অবস্থায় শনিবার (১০ অক্টোবর) ব্যবসায়ী শামীম আহমদকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বারঠাকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন মরতুজা চৌধুরী জানান, মাস্টার জামাল উদ্দিনের ঘর থেকে সাড়ে চার ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ১০ হাজার টাকা লুট করা হয়েছে। শামীম আহমদের ঘর থেকে কী পরিমাণ নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক জানান, ঘটনার পরপরই শনিবার ভোররাতে পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে খোঁজখবর নেয়। পরে সকালে তিনি পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনায় জড়িত ডাকাতদের সনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক দল কাজ করছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট