|
প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২৬
ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভের আগে দেশটির পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে আটক করেছে দিল্লি পুলিশ।
শনিবার (১০ অক্টোবর) দিল্লিতে মমতার বাসভবনের বাইরে থেকে তাকে আটক করেছে দিল্লি পুলিশ ও দেশটির আধা-সামরিক বাহিনী সিআরপিএফ।
দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, মমতা বন্দোপাধ্যায় ও অন্য পাঁচজনকে তার বাসভবনের বাইরে থেকে দিল্লি পুলিশ ও সিআরপিএফের জওয়ানরা আটক করেছেন।
মমতার রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস বলেছে, একটি প্রিজন ভ্যানে করে তাদের অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে ককরোচ জনতা পার্টির (সিজেপি) পূর্বঘোষিত বিক্ষোভের আগে রাজধানীতে জোরদার করা নিরাপত্তার মাঝেই এই আটকের ঘটনা ঘটেছে।
এর আগে, ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শনিবার বেলা ১০টার দিকে নয়াদিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দেয় সিজেপি। দিল্লি পুলিশ এ কর্মসূচির অনুমতি দেয়নি। তবে সিজেপি তা তোয়াক্কা না করে জানিয়েছিল, কর্মসূচি যথা সময়ে শুরু হবে।
সেই কর্মসূচিতে যোগ দিতেই উড়োজাহাজে চেপে মুম্বাই থেকে নয়াদিল্লি আসেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ, সৌরভ এবং আশুতোষ। নয়াদিল্লির স্থানীয় সময় বেলা ১০টা ১৯ মিনিটে অবতরণ করে তাদের ফ্লাইট এবং এর পরপরই আটক হন তারা।
বিমান থেকে আটকের সময় নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেই ঘটনা লাইভ প্রচার করেন অভিজিৎ দীপকে। ভিডিওতে দেখা যায়, দিল্লি পুলিশের দল বিমানে প্রবেশ করছে এবং তাকে ও সিজেপির অন্য সদস্য সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে বিমান থেকেই আটক করে নিয়ে যাচ্ছে।
সিজেপি নেতাদের সঙ্গে বিক্ষোভে যোগ দিতে জার্মানি থেকে ভারতে আসা ইউটিউবার ধ্রুব রাঠীও গ্রেফতার হয়েছেন। ইউটিউবে ৩ কোটি ৩০ লাখের বেশি সাবস্ক্রাইবার, ইনস্টাগ্রামে ১ কোটি ৯০ লাখ এবং এক্সে ৩৩ লাখ অনুসারী থাকা ৩২ বছর বয়সী রাঠীকে গুরুগ্রামের সেক্টর ৫৬-তে অবস্থিত নিজ বাসভবন থেকে শনিবার সকালের দিকে গ্রেফতার করা হয়। দিল্লি পুলিশের প্রায় ৫০ জন কর্মী রাঠীকেগ্রেফতারে অভিযান পরিচালনা করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D