সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ১০:৫৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৬

সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার দায়ে চার প্রতিষ্ঠানকে মোট এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে দক্ষিণ সুরমার ফেমাস মার্কেট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত ফেমাস মার্কেটের বিভিন্ন সার্জিক্যাল প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় তিনটি প্রতিষ্ঠানে অনুমোদনহীন সার্জিক্যাল সরঞ্জাম বিক্রির প্রমাণ পাওয়ায় মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এর মধ্যে স্মার্ট সার্জিক্যালকে ২০ হাজার টাকা, কাকন সার্জিক্যালকে ২০ হাজার টাকা এবং মেসার্স মেমাস সার্জিক্যালকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অন্যদিকে, ড্রাগ লাইসেন্স না থাকা এবং প্রতিষ্ঠানে কোনো ফার্মাসিস্ট না রাখার দায়ে শান্ত সার্জিক্যালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকারী সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আহমেদ লুনা জানান, অনুমোদনহীন পণ্য বিক্রি এবং প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, চার প্রতিষ্ঠান থেকে মোট এক লাখ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জেলা প্রশাসনের এ অভিযানের মাধ্যমে অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসার বিরুদ্ধে নজরদারি জোরদারের বার্তা দেওয়া হয়েছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট