গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস

প্রকাশিত: ১০:২৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২৬

গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস

সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসনের টাস্কফোর্স ও ভ্রাম্যমাণ আদালত। অভিযানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮টি ড্রেজার মেশিন (বোমা ড্রেজার) ঘটনাস্থলেই ভেঙে ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে বালু পরিবহনে ব্যবহৃত একটি স্টিলবডি নৌকা পানিতে ডুবিয়ে দেওয়া হয়।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে গোয়াইনঘাট সদর ইউনিয়নের পরগণা বাজার ব্রিজ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকারিয়া হোসেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে পরগণা বাজার ব্রিজ সংলগ্ন ইজারাবহির্ভূত এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে সেখানে ঝটিকা অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ৮টি ড্রেজার মেশিন শনাক্ত করা হয়। পরে সেগুলো ঘটনাস্থলেই ভেঙে ধ্বংস করা হয়। পাশাপাশি বালু পরিবহনে ব্যবহৃত একটি স্টিলবডি নৌকা পানিতে ডুবিয়ে দেওয়া হয়।

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গোয়াইনঘাট থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকারিয়া হোসেন বলেন, ইজারাবহির্ভূত ও পরিবেশগতভাবে সংকটাপন্ন এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন দণ্ডনীয় অপরাধ। পরিবেশের ভারসাম্য এবং সরকারি প্রাকৃতিক সম্পদ রক্ষায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের কঠোর ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট