|
প্রকাশিত: ১০:১২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২৬
সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৭০ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে বিশ্বনাথ পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মজিদ বকুল বাদী হয়ে স্থানীয় থানায় এই মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি শামীম আহমদ ওরফে চাক্কু শামীমকে প্রধান আসামি করা হয়েছে। মামলায় ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪০-৫০ জনকে অভিযুক্ত করা হয়েছে।
তবে মামলা দায়েরের পর মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বদরুল আলম, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, ছাত্রলীগের উপজেলা সভাপতি সিরাজুল ইসলাম রুকন, সাধারণ সম্পাদক জাকির হোসেন মামুন, সহ-সভাপতি কয়েছ আহমদ, যুবলীগ নেতা রাজন আহমদ অপুসহ স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
বাদী বকুলের অভিযোগ অনুযায়ী, গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় পৌর শহরের টিএনটি রোডস্থ তার নিজ বাসভবনে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আসামিরা অতর্কিত হামলা চালায়। হামলায় বকুল গুরুতর আহত হন। এসময় হামলাকারীরা তার ঘরের আলমারি ভেঙে প্রায় ৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা লুট করে নেয় এবং আসবাবপত্র ভাঙচুর করে প্রায় দুই লক্ষ টাকার ক্ষতি সাধন করে।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, বাদীর অভিযোগটি গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে আসামিদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D