|
প্রকাশিত: ৮:৩৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২৬
সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামী ১০ অক্টোবর থেকে নগরীর শাহী ঈদগাহ খেলার মাঠে মাসব্যাপী শুরু হবে ‘সৃজনশীল পণ্য প্রদর্শনী, শিল্প-পণ্য ও বাণিজ্য মেলা ২০২৬’। মেলার আয়োজন করছে সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
মেলা উপলক্ষে সোমবার (১৪ সেপ্টেম্বর) শাহী ঈদগাহ মাঠে অবকাঠামোগত কাজের উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে এদিন বিকেলে নগরীর দরগাহ মহল্লায় সিলেট উইমেন চেম্বারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মেলার বিভিন্ন দিক তুলে ধরেন চেম্বার সভাপতি লুবানা ইয়াছমীন শম্পা।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগামী ১০ অক্টোবর থেকে মাসব্যাপী মেলা অনুষ্ঠিত হবে। মেলাটি সিলেট উইমেন্স চেম্বারের তত্ত্বাবধানেই পরিচালিত হবে। মেলার ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য কোনো প্রতিষ্ঠানকে ওয়ার্ক অর্ডারের মাধ্যমে দায়িত্ব দেওয়া হবে। এটি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে মেলা বিক্রি করে দেওয়ার বিষয় নয়।
লুবানা ইয়াছমীন শম্পা বলেন, বাণিজ্য মেলা আয়োজনের বৈধ অধিকার সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির রয়েছে। মন্ত্রণালয়ের বাৎসরিক ক্যালেন্ডার অনুযায়ী মেলা আয়োজনের প্রক্রিয়া চলছে। মেলার সঙ্গে চেম্বারের পুরো পরিচালনা পর্ষদ যুক্ত রয়েছে। পরিচালনা পর্ষদের বাইরে কারও সঙ্গে আর্থিক লেনদেন বা কোনো গোপন চুক্তির সুযোগ নেই।
মেলার নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় চেম্বারের নিজস্ব স্বেচ্ছাসেবক দল থাকবে। পাশাপাশি সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নিরাপত্তা ব্যবস্থাও থাকবে। মেলা প্রাঙ্গণে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে।
মেলা চলাকালে নগরীতে যানজট যাতে সৃষ্টি না হয়, সেজন্য বড় পরিসরে পার্কিংয়ের ব্যবস্থা রাখা হবে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলার অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী উপস্থিত থাকবেন বলে আয়োজকরা আশাবাদী।
আয়োজকদের পক্ষ থেকে আরও জানানো হয়, মেলা আয়োজনের জন্য জেলা প্রশাসন ও সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছ থেকে প্রয়োজনীয় অনুমোদন নেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের অনুমোদন নিয়ে ইতোমধ্যে মেলার মাঠ সাজানো ও অবকাঠামোগত কাজ শুরু হয়েছে।
আয়োজকরা আশা করছেন, এ মেলার মাধ্যমে স্থানীয় ব্যবসায়ী ও উদ্যোক্তারা তাঁদের পণ্য প্রদর্শন ও বিপণনের সুযোগ পাবেন। বিশেষ করে নারী উদ্যোক্তাদের পণ্য বাজারজাতকরণ ও ব্যবসা সম্প্রসারণে মাসব্যাপী এ মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
চেম্বার সভাপতি বলেন, মেলায় সিলেটের নারী উদ্যোক্তাদের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের সৃজনশীল পণ্য উদ্যোক্তারা অংশ নেবেন। এর মাধ্যমে উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন, প্রচার ও বাজার সম্প্রসারণের সুযোগ সৃষ্টি হবে।
মেলার মাঠ ও অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, উদ্বোধনের পূর্বপ্রস্তুতি হিসেবে মাঠ সাজানো, লাইটিং, মেলার গেইট, অফিসসহ বিভিন্ন অবকাঠামোগত কাজের জন্য সিলেট সদর উপজেলার অনুমোদন রয়েছে। এসব কাজে সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিকে সার্বিক সহযোগিতা করবে সিলভেন্ট প্ল্যানার্স।
এবারের বাণিজ্য মেলায় প্রায় ১৫০টি স্টলে দেশীয় বিভিন্ন পণ্য, পোশাক, হস্তশিল্প, গৃহস্থালি সামগ্রী, ইলেকট্রনিকস, প্রসাধনী, খাদ্যপণ্যসহ নানা ধরনের পণ্য প্রদর্শন ও বিক্রি করা হবে। স্থানীয় উদ্যোক্তা ও ব্যবসায়ীদের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান মেলায় অংশ নেবে।
আয়োজকরা জানান, সিলেটের ব্যবসা-বাণিজ্যের প্রসার, স্থানীয় উদ্যোক্তাদের পণ্যের প্রচার এবং ক্রেতা-বিক্রেতাদের মধ্যে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরিই এ মেলার অন্যতম উদ্দেশ্য। মাসব্যাপী এ আয়োজনে দর্শনার্থীদের জন্য বিভিন্ন বিনোদনমূলক ও সাংস্কৃতিক কর্মসূচিও রাখা হবে।
সংবাদ সম্মেলনে মেলার সার্বিক প্রস্তুতি, স্টল বরাদ্দ, অংশগ্রহণকারী প্রতিষ্ঠান এবং বিভিন্ন কর্মসূচির বিস্তারিত তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে সভাপতির পাশাপাশি উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি আলেয়া ফেরদৌসী তুলি এবং পরিচালক সাঈমা সুলতানা চৌধুরী, রেহানা আফরোজ খান, রেহানা ফারুক শিরিন, আসমাউল হাসনা খান, গাজী জিনাত আফজা, শাহানা চৌধুরী ও তাহমিনা হাসান চৌধুরী।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D