২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ণ, জুলাই ৩, ২০১৭
দেশের প্রতিথযশা লেখক, কবি, বুদ্ধিজীবী ও কলামিস্ট ফরহাদ মজহারকে অপহরণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। একই সঙ্গে তাকে অনতিবিলম্বে পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
সোমবার বিকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।
রিজভী বলেন, ‘এই অপহরণের ঘটনা সরকারের অজান্তে হয়নি। এ ঘটনায় সরকারের এজেন্সি ও টিম জড়িত। দেশের প্রতিথযশা এই বুদ্ধিজীবীকে ফিরিয়ে না দিলে জনগণ ক্ষোভে প্রতিবাদে ফেটে পড়বে।’
ষোড়শ সংশোধনী নিয়ে মানুষের সেন্টিমেন্ট ভিন্নখাতে প্রবাহিত করার জন্য তাকে অপহরণ করা হয়েছে মন্তব্য করে রিজভী বলেন, ‘তার লেখনি চিন্তাকে ভয় পেয়ে সরকার তাকে টার্গেট করেছিল। এখন সেটি সম্পন্ন করার চেষ্টা করেছে।’তিনি আরো বলেন, ‘গতকাল দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের সংবাদ সম্মেলনে তিনি যে বক্তব্য দিয়েছেন তার জন্য হয়ত তাকে টার্গেট করেছে সরকার এবং সেই নীল নকশা বাস্তবায়ন করার জন্যই তারা তাকে অপহরণ করেছেন।’
সরকারের এজেন্সি ফরহাদ মজহারকে তুলে নিয়েছে এমন অভিযোগের ভিত্তি কি- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ ধরনের ঘটনা আমরা এর আগেও দেখেছি। ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ অনেক নেতাকেই এভাবে তুলে নেয়া হয়েছে। সরকারের এজেন্সি মাইক্রোবাসে তুলে নিচ্ছে। আবার তারা নাটক করে বলছে আমরা দেখছি, খোঁজ নিচ্ছি।’
রিজভী বলেন, ‘একজন সাংবাদিকের মাধ্যমে জানতে পেরেছি যে, অপহরণের পর ফরহাদ মজহারের পরিবারের কাছে ৩৫ লাখ টাকা দাবি করা হয়। অপহরণের ২৪ মিনিট পর যে নাম্বার থেকে কল করা হয়েছিল সেই নাম্বার ট্যাকিং করার পর আইন-শৃঙ্খলা বাহিনী প্রথমে বলেছিল মানিকগঞ্জ অবস্থান করছে, কিছুক্ষণ পর বলছে মাগুরা, যশোরে অবস্থান করছে। আসলে এর মাধ্যমে সময়ক্ষেপণ করার চেষ্টা চলছে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাহবুব উদ্দিন খোকন, সানাউল্লাহ মিয়া, হাবিব-উন নবী খান সোহেলসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D