২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০০ পূর্বাহ্ণ, জুলাই ২০, ২০২৬
চট্টগ্রামের ফটিকছড়িতে ধানক্ষেতে চারা রোপণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার (১৯ জুলাই) বিকেলের দিকে উপজেলার যোগিনীঘাটা এলাকার জান্নাত ব্রিক ফিল্ডের দক্ষিণ পাশের কৃষিজমিতে এ ঘটনা ঘটে।
জানা গেছে বিদ্যুতের খুঁটি থেকে ছিঁড়ে পড়া বৈদ্যুতিক তারে জড়িয়ে তাদের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন-ভূজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মীরেরখীল কারিগরপাড়া এলাকার মৃত মাহাবুবুল আলমের ছেলে মো. ইউনুস (৩৫)। তিনি এক ছেলে ও দুই মেয়ের জনক। অপরজন একই এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মো: হাসেম (৫০)। তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে অন্য শ্রমিকদের সঙ্গে তারা বিলে ধানের চারা রোপণ করছিলেন। এ সময় হঠাৎ বিদ্যুতের খুঁটি থেকে একটি বৈদ্যুতিক তার ছিঁড়ে পানিতে পড়ে যায়। মুহূর্তেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই দুই কৃষকের মৃত্যু হয়। সামনে থাকা সহকর্মীরা আতঙ্কে কেউ এগিয়ে যেতে পারেননি।
নিহতদের স্বজন ও এলাকাবাসীর অভিযোগ, দুর্ঘটনার পর দীর্ঘ প্রায় দুই ঘণ্টা লাশ পানির মধ্যে পড়ে থাকলেও পুলিশ প্রশাসন কিংবা বিদ্যুৎ বিভাগের কেউ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায়নি। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হওয়ায় উদ্ধারকাজ বিলম্বিত হয়। পরে স্থানীয় লোকজন জীবনের ঝুঁকি নিয়ে জমি থেকে মরদেহ দুটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। এ ঘটনায় তারা প্রশাসন ও বিদ্যুৎ বিভাগের ভূমিকার প্রতি ক্ষোভ প্রকাশ করেন।
ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আলম খান বলেন, ঘটনাস্থল ফটিকছড়ি থানা এলাকায় হলেও নিহতদের বাড়ি ভূজপুর থানা এলাকায়। বিষয়টি জানতে পেরে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। বিদ্যুৎ সংযোগ বন্ধ হওয়ার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। প্রশাসনের গাফিলতির যে অভিযোগ করা হচ্ছে, তা সঠিক নয়। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D