নরসিংদীর মাধবদীতে ডাকাতের হাতে ব্যবসায়ী খুন

প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২৬

নরসিংদীর মাধবদীতে ডাকাতের হাতে ব্যবসায়ী খুন

নরসিংদী সদর উপজেলার মাধবদীর বলভদ্রাদি এলাকার ব্যবসায়ী মিলন মিয়ার বাড়ীতে দুর্ধষ ডাকাতি সংঘঠিত হয়েছে। ডাকাতের ধারালো অস্ত্রের আঘাতে গৃহকর্তার বড়ভাই নিহত ও অপর এক ব্যাক্তি মারাত্মক আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

নিহত শাহজাহান মিয়া (৫০) ও আহত হয়েছে সুরুজ মিয়া (৬০)। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার (১৭ জুলাই) দিবাগত গভীর রাতে ৮-১০ জনের একটি সশস্ত্র ডাকাতদল মিলন মিয়ার বাড়িতে দরজা ভেঙ্গে প্রবেশ করে। অস্ত্রের মুখে আলমারি ভেঙ্গে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করার সময় পরিবারের সদস্যরা বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে বাড়ির সদস্যদের এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে ঘটনাস্থলেই মিলন মিয়ার বড়ভাই শাহজাহান মিয়া (৫০) মৃত্যুবরণ করেন এবং একই পরিবারের সুরুজ মিয়া (৬০) আহত হন। আহত সুরুজ মিয়াকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরে ডাকাতরা প্রায় ২০-২৫ মিনিট ধরে তাণ্ডব চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়।

সংবাদ পেয়ে মাধবদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন বলেন, ডাকাতি ও হত্যাকান্ডের ঘটনায় এখনো কোন মামলা হয়নি। নিহতের লাশ দাফনের পর পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হবে। ওই বাড়ির সিসিটিভির ফুটেজ পুলিশ সংগ্রহ করেছে। এই ফুটেজ হতে ডাকাতদের সনাক্তকরণের চেষ্টা চলছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট