ফরিদপুরে বাসচাপায় নিহত ৫

প্রকাশিত: ৯:৫১ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২৬

ফরিদপুরে বাসচাপায় নিহত ৫

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-খুলনা মহাসড়কে দুর্ঘটনাকবলিত একটি ডিমবাহী পিকআপ উদ্ধারকাজ চলাকালে যাত্রীবাহী বাসের চাপায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।

শনিবার (১১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দিকে উপজেলার আলগি ইউনিয়নের সোয়াদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী মহাসড়কের অন্তত ছয়টি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। বর্তমানে স্থানীয়রা সড়কটি অবরোধ করে রেখেছেন।

ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি) মো. হেলালউদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে খুলনাগামী একটি ডিমবাহী ট্রাক সোয়াদী বাসস্ট্যান্ড এলাকায় এসে চাকা ফেটে সড়কের ওপর উল্টে পড়ে। এতে সড়কের ওপর ডিম ছড়িয়ে পড়লে এলাকাবাসী ডিম কুড়াতে এগিয়ে যায়। ওই সময় ঢাকা থেকে নড়াইলগামী নড়াইল এক্সপ্রেসের একটি বাস রাস্তায় থাকা লোকজনকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। আহত হয়েছেন অন্তত সাতজন।

পরে এলাকাবাসী উত্তেজিত হয়ে অন্তত ছয়টি গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেয়। বর্তমানে ওই মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এলাকাবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তারা মহাসড়কে অবস্থান করছেন।

স্থানীয়রা জানিয়েছেন, নিহতের মধ্যে ডিমবাহী ট্রাকের চালক রয়েছেন। এছাড়াও নিহত অন্য চারজন হলেন- সোয়াদী এলাকার লিটনের ছেলে জয়নাল (২৭), বাবলুর ছেলে আরিফ (২৭) এবং ওবায়দুর (৪০)। ওবায়দুরের বাবার নাম জানা যায়নি। নিহত আরেকজনের পরিচয় এলাকাবাসী দিতে পারেনি। ট্রাকচালক বাদে নিহত ও আহতরা সবাই  সোয়াদী এবং তার আশেপাশের এলাকার বাসিন্দা। গুরুতর আহতদের ভাঙ্গা, ফরিদপুর ও ঢাকায় হস্তান্তর করা হচ্ছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেন এবং উদ্ধারকাজ পরিচালনা করেন। প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলালউদ্দিন বলেন, এ দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেননি তিনি।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট