গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু

প্রকাশিত: ২:২১ অপরাহ্ণ, জুন ২০, ২০২৬

গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুর উপজেলা এলাকায় একটি পরিত্যক্ত গর্তে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু হয়েছে।

শনিবার (২০ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার অরণখোলা ইউনিয়নের টেলকি জলই এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন টাঙ্গাইল জেলার, মধুপুর উপজেলার, জলই গ্রামের গ্রাব্রিয়েল নকরেক (৪৫), একই এলাকার রতন নকরেক (২৫), বাবলু হাদিমা (৩৫) ও শিশু নেইমার ম্রং (১০)।

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালে একটি ছাগল হঠাৎ করে একটি পরিত্যক্ত গভীর গর্তে পড়ে যায়। ছাগলটি উদ্ধার করতে প্রথমে গ্রাব্রিয়েল নকরেক গর্তে নামেন। দীর্ঘ সময় তার কোনো সাড়া না পেয়ে তাকে উদ্ধার করতে একে একে আরও তিনজন গর্তে প্রবেশ করেন। তবে গর্তের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণে তারা কেউই আর উপরে উঠতে পারেননি।

পরে বিষয়টি টের পেয়ে স্থানীয়রা আতঙ্কিত হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায় এবং দীর্ঘ চেষ্টার পর গর্তের ভেতর থেকে চারজনের মরদেহ উদ্ধার করে।

বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা জানান, গর্তে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম ফজলুল হক ঘটনাটি নিশ্চিত করেছেন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট