পঞ্চগড়ে বজ্রপাতে এক যুবকের মৃত্যু

প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ণ, জুন ৯, ২০২৬

পঞ্চগড়ে বজ্রপাতে এক যুবকের মৃত্যু

সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা


 জেলার সদর উপজেলায় ক্ষেতে বাদাম তোলার কাজ করার সময় বজ্রপাতে মকছেদুল ইসলাম (২৬) নামে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে।

সোমবার ৮ (জুন) বিকেলে উপজেলার ধাক্কামারা ইউনিয়নের লাঙ্গলগাঁও বড়বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেলে মকছেদুল তার বাবা আবু হোসেন (৫২) ও বড় ভাই মোজাফফর হোসেনের (৩৬) সঙ্গে নিজেদের চাষ করা বাদাম শুকানোর কাজ করছিলেন। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে তারা বাদাম তোলার কাজ শুরু করেন। তখনই আকস্মিক বজ্রপাতে তারা তিনজনই অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়দের সহযোগিতায় পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। এসময় হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মকছেদুলকে মৃত ঘোষণা করেন। নিহত মকছেদুল দুই সন্তানের জনক ছিলেন। তার বাবা ও বড় ভাই হাসপাতালে চিকিৎসাধীন রিয়েছেন।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আশরাফুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই ঐ যুবকের মূত্যু হয়েছে। সুরতহাল শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে ।এ ঘটনায় থানায় একটি অপমৃত্য মামলা দায়ের করা হয়েছে।