নির্বাচনকালীন সময়ে বর্তমান সরকারই ক্ষমতায় থাকবে : হানিফ

প্রকাশিত: ৯:৫৬ অপরাহ্ণ, জুন ১৭, ২০১৭

নির্বাচনকালীন সময়ে বর্তমান সরকারই ক্ষমতায় থাকবে : হানিফ

কুষ্টিয়া : নির্বাচনকালীন সময়ে বর্তমান সরকারই ক্ষমতায় থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

শনিবার দুপুরে কুষ্টিয়া সদর উপজেলার পিয়ারপুর মাধ্যমিক বিদ্যালয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মাহবুবউল আলম হানিফ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের অধীনেই হবে। আর নির্বাচনকালীন সময়ে বর্তমান সরকারই ক্ষমতায় থাকবে। নির্বাচনে আসতে হলে বিএনপিকে অবশ্যই সংবিধান মেনে বর্তমান সরকারের অধীনেই আসতে হবে। এ নির্বাচনে বিএনপি না আসলে আবারো ভুল করবে।

তিনি আরো বলেন, বিএনপি দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিয়ে যে ভুল করেছিল হয়তো তার পুনরাবৃত্তি করবে না।

হানিফ বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রধানমন্ত্রী যেমন বিএনপিসহ সব রাজনৈতিক দলকে আহ্বান জানিয়েছিলেন, তেমনভাবে আগামী নির্বাচনের আগেও তিনি একই আহ্বান জানাচ্ছেন। যাতে সবাই নির্বাচনে অংশ নিতে পারে।

মতবিনিময় সভায় জেলা আওয়ামী লীগ সভাপতি সদন উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, সহ-সভাপতি হাজি রবিউল ইসলামসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।