২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ণ, জুন ১৭, ২০১৭
১৭ জুন ২০১৭, শনিবার ।। সরকারের অদক্ষতা ও দুর্নীতিতে চালের দাম বেড়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এজন্য খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের পদত্যাগ দাবি করেছেন তিনি।
আজ শনিবার দুপুরে রমনা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে ‘বেগম খালেদা জিয়ার ঘোষিত ভিশন ২০৩০, যুব সমাজের ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় মির্জা ফখরুল একথা বলেন।
সংগঠনের সভাপতি সাইফুল আলম নীরবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকুর পরিচালনায় আলোচনা সভায় অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুবউল্লাহ, বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও শওকত মাহমুদ বক্তব্য রাখেন।
উপস্থিত ছিলেন যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করীম বাদরু, যুগ্ম-সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, সাংগঠনিক সম্পাদক মামুন হাসান ও দফতরের দায়িত্বপ্রাপ্ত কামরুজ্জামান দুলাল’সহ কেন্দ্রীয় নেতারা।
আলোচনা সভায় নেতা-কর্মীদের মাঝে পাঁচ হাজার কপি খালেদা জিয়ার ‘ভিশন ২০৩০’ সম্বলিত লিখিত পুস্তিকা বিতরণ করা হয়।
মির্জা ফখরুল বলেন, আজকে দেশে অত্যন্ত এলার্মিং সিচুয়েশন- আমাদের খাদ্য মজুদ মাত্র এক লাখ ৯১ হাজার টনে এসেছে। কেনো? সরকারের দূরদর্শিতার অভাব, সরকারের দুর্নীতি ও তাদের অদক্ষমতার কারণে এই অবস্থায় চলে এসেছে।
তিনি বলেন, চালের দাম যেভাবে বেড়েছে, তা অশনি সংকেত। এজন্য সরকারই দায়ী। খাদ্যমন্ত্রীর উচিত পদত্যাগ করে নতুন খাদ্যমন্ত্রী নিয়োগ দেয়া।
খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের বক্তব্যের প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকে দেশে খাদ্যের অভাব দেখা দিয়েছে। এখন চালের দাম ৫০ থেকে ৬০ টাকা। তারা স্বীকার করতে চায় না, ভয়ে বলতে চায় না উদোর পিন্ডি বুদোর ঘাড়ে চাপানোর চেষ্টা করে।
ফখরুল বলেন, খাদ্যমন্ত্রী শুক্রবার বলেছেন যে, অসাধু ব্যবসায়ী আর বিএনপির ব্যবসায়ীরা না-কি চালের দাম বাড়িয়ে দিয়েছে। নিজের অযোগ্যতাকে ঢাকার জন্য এবং দুর্নীতিকে ঢাকার জন্য সব কিছু উদ্দেশ্যমূলকভাবে বিএনপির ওপর তিনি চাপিয়ে দিচ্ছেন।
পদ্মাসেতুর নির্মাণ ব্যয় বৃদ্ধির প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, প্রতিটি ক্ষেত্রে আওয়ামী লীগ দুর্নীতির মাধ্যমে আমাদের সব ভবিষ্যৎকে, আমাদের স্বপ্নগুলোকে ধ্বংস করে দিচ্ছে। পদ্মাসেতুতে যে দুর্নীতি হচ্ছে তা বোধহয় অতীতে কোনো নজির নেই। আবার সেতুর নির্মাণ ব্যয় ২৩% বাড়ানো প্রস্তাব তারা করেছে। প্রতিদিন, প্রতিবছর এটা বাড়তেই আছে, দুর্নীতি বাড়তেই আছে।
ফখরুল বলেন, এই সরকার দুর্নীতির মাধ্যমে, দখলদারিত্বের মাধ্যমে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় টিকে আছে।
এ অবস্থা থেকে উত্তরণে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান বিএনপি মহাসচিব।তিনি বলেন, আজকের এই সংকট একমাত্র সমাধান হতে পারে সত্যিকার অর্থে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে। এই রাজনৈতিক সংকট দূর হতে পারে যদি একটি সহায়ক সরকারের অধীনে নির্বাচন কমিশনের পরিচালনায় একটা জনগণের প্রতিনিধিত্বশীল সংসদ প্রতিষ্ঠা করতে পারি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D