পাঁচদিনজুড়ে বৃষ্টি ও ভারী বর্ষণের পূর্বাভাস

প্রকাশিত: ২:১২ অপরাহ্ণ, মে ২৫, ২০২৬

পাঁচদিনজুড়ে বৃষ্টি ও ভারী বর্ষণের পূর্বাভাস

আগামী পাঁচদিন দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া, বজ্রপাতসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে আগামী বুধবার থেকে সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

সোমবার (২৫ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা কিংবা ঝড়ো হাওয়ার সঙ্গে বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায়ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

একই সময়ে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

বর্তমানে ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ ও পটুয়াখালী জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আরও কিছু সময় অব্যাহত থাকতে পারে। তবে সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা আপাতত প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মঙ্গলবারের পূর্বাভাস

আগামীকাল মঙ্গলবার (২৬ মে) রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে। এদিন দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বুধবার থেকে কমতে পারে তাপমাত্রা

বুধবার (২৭ মে) থেকে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে দেশের কয়েকটি অঞ্চলে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, এদিন থেকে সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে এবং রাতের তাপমাত্রাও সামান্য হ্রাস পেতে পারে।

বৃহস্পতিবার ও শুক্রবারও বৃষ্টির ধারা অব্যাহত

বৃহস্পতিবার (২৮ মে) ও শুক্রবার (২৯ মে) দেশের অধিকাংশ বিভাগেই বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়া ও বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আগামী পাঁচদিন পরও দেশে বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে।