লন্ডনে পাঠানোর নামে প্রতারণা, জগন্নাথপুরে একজন গ্রেপ্তার

প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ণ, মে ১৬, ২০২৬

লন্ডনে পাঠানোর নামে প্রতারণা, জগন্নাথপুরে একজন গ্রেপ্তার

লন্ডনে পাঠানোর প্রলোভন দেখিয়ে সুনামগঞ্জের জগন্নাথপুরে এক ব্যক্তির কাছ থেকে প্রায় ২৫ লাখ টাকা আত্মসাত করার অভিযোগে দায়েরকৃত মামলার ৩নং আসামি মালেক খান (৪৫)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৫ মে) দিবাগত রাত ২টার দিকে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

মালেক খান জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের তিলক গ্রামের হরুপ খানের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের নোয়াগাঁও (আটঘর) গ্রামের বারিক মিয়ার ছেলে কামরুল মিয়া লন্ডনে যাওয়ার জন্য তানভীর খান, মুহিউদ্দিন খান ও মালেক খানের সঙ্গে একটি চুক্তিতে আবদ্ধ হন। চুক্তি অনুযায়ী ২৫ লাখ টাকার বিনিময়ে তাকে ওয়ার্ক পারমিট ভিসায় যুক্তরাজ্যে পাঠানোর কথা ছিল।

চুক্তির পর আসামির কথায় বিশ্বাস করে কামরুল মিয়া জায়গা-জমি বিক্রি করে ব্যাংকের মাধ্যমে বিভিন্ন তারিখে এই তিনজনকে ১৮ লাখ ৫০ হাজার এবং নগদ ৬ লাখ ৫০ হাজার টাকা প্রদান করেন। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হলেও ভুক্তভোগীর সাথে প্রতারণা করে জাল ভিসা দিয়ে দুইবার টিকেট কাটিয়ে এয়ারপোর্ট থেকে কামরুল মিয়া ফিরে আসেন। এ বিষয়ে প্রতিবাদ করলে কামরুল মিয়াকে হত্যার হুমকি দেন তারা।

পরে এ বিষয়ে মামলা করেন ভুক্তভোগী।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন- একজনকে গ্রেপ্তার করা হয়েছে। চক্রের বাকিদের ধরতেও আমাদের অভিযান অব্যাহত আছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট