এপ্রিলে সারাদেশে সড়ক দুর্ঘটনায় ৪৩৪ জনের মৃত্যু

প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ণ, মে ৬, ২০২৬

এপ্রিলে সারাদেশে সড়ক দুর্ঘটনায় ৪৩৪ জনের মৃত্যু

গত এপ্রিল মাসে দেশে সড়ক দুর্ঘটনায় ৪০৪ জন নিহত ও ৭০৯ জন আহত হয়েছেন। একই সময়ে নৌ ও রেলপথেও ঘটেছে একাধিক দুর্ঘটনা। এতে সবচেয়ে বেশি নিহত হয়েছেন মোটরসাইকেল চালক ও আরোহী ১১৩ জন।

বুধবার (৬ মে) সংবাদমাধ্যমে পাঠানো রোড সেফটি ফাউন্ডেশনের মাসিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। ৯টি জাতীয় দৈনিক, ১৭টি অনলাইন সংবাদমাধ্যম, ইলেকট্রনিক মিডিয়া ও নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে সংস্থাটি।

প্রতিবেদন অনুযায়ী, এপ্রিলজুড়ে দেশে ৪৬৩টি সড়ক দুর্ঘটনায় ৪০৪ জন নিহত হন। আহত হন আরও ৭০৯ জন। একই সময়ে ৭টি নৌ দুর্ঘটনায় ৪ জন নিহত ও ১১ জন আহত হয়েছেন। এ ছাড়া ৩৪টি রেললাইন দুর্ঘটনায় প্রাণ গেছে ২৬ জনের, আহত হয়েছেন ১৭ জন।

বিভাগভিত্তিক হিসাবে দেখা গেছে, সিলেট বিভাগে সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে। এখানে ১২টি দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছেন, যা মোট প্রাণহানির ২.৯৭ শতাংশ। দুর্ঘটনার হারও ছিল ২.৫৯ শতাংশ। অন্যদিকে, সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে১০৯টি ঘটনায় নিহত হয়েছেন ১০২ জন। রাজধানী ঢাকাতেই ৩৬টি দুর্ঘটনায় ২৪ জনের মৃত্যু হয়েছে।

যানবাহনভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, সবচেয়ে বেশি নিহত হয়েছেন মোটরসাইকেল চালক ও আরোহী ১১৩ জন। এছাড়া থ্রি-হুইলার যাত্রী ৬১ জন, ট্রাক ও পণ্যবাহী যানবাহনের আরোহী ৫১ জন এবং বাসযাত্রী ৩০ জন নিহত হয়েছেন।

প্রতিবেদন বলছে, দুর্ঘটনায় মোট ৬৫৯টি যানবাহন জড়িত ছিল। এর মধ্যে মোটরসাইকেল ১৫৩টি এবং থ্রি-হুইলার ১১২টি যা উল্লেখযোগ্য।

সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে ত্রুটিপূর্ণ যানবাহন ও সড়ক, বেপরোয়া গতি, চালকদের অদক্ষতা ও মানসিক চাপ, অনিয়মিত কর্মঘণ্টা, মহাসড়কে ধীরগতির যান চলাচল এবং ট্রাফিক আইন না মানার প্রবণতা। এছাড়া দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা ও পরিবহন খাতে চাঁদাবাজিকেও দায়ী করা হয়েছে।

সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিবেদনে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিল পুনর্গঠন, বিআরটিএসহ সংশ্লিষ্ট সংস্থার সংস্কার, মেয়াদোত্তীর্ণ যান অপসারণ, আধুনিক নিরাপত্তা প্রযুক্তি বাধ্যতামূলক করা এবং চালকদের প্রশিক্ষণ ও কর্মপরিবেশ উন্নয়নের সুপারিশ করা হয়েছে।

এ ছাড়া মহাসড়কে নিরাপদ নকশা, রেলক্রসিংয়ে গেটকিপার নিয়োগ এবং সড়ক ব্যবহারকারীদের সচেতনতা বাড়ানোর ওপরও জোর দেওয়া হয়েছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট