২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪০ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২৬
কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত মিঠামইন উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
সোমবার (২৩ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নের হেমন্তগঞ্জ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। দীর্ঘদিনের বিরোধের জের ধরে এ উত্তেজনা ছড়িয়ে পড়ে বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কেওয়ারজোড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবুল কাশেমের সমর্থকদের সঙ্গে একই গ্রামের বিএনপি নেতা নজিরের অনুসারীদের মধ্যে সকাল থেকেই উত্তেজনা চলছিল। এক পর্যায়ে উভয় পক্ষ মুখোমুখি হলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, যা পরে সংঘর্ষে রূপ নেয়। প্রায় এক ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলাকালে দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহারের অভিযোগও পাওয়া গেছে।
সংঘর্ষে আহতদের মধ্যে আসাদ (৩৫) ও কাতল মিয়া (৩০)-এর অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আরও পাঁচজনকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
এদিকে, জানা গেছে ঈদের আগ থেকেই দুই পক্ষের মধ্যে বিরোধ তীব্র আকার ধারণ করেছিল। সংঘর্ষের সময় লাউকুড়ার মাঠে উভয় পক্ষ মুখোমুখি হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম বর্তমানে ইতালিতে অবস্থান করছেন বলে জানা গেছে। তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। তবে বিদেশে থাকলেও এলাকায় তার প্রভাব রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
এ বিষয়ে মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় এখনো কোনো পক্ষ থানায় অভিযোগ দায়ের করেনি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D