ব্রাহ্মণবাড়িয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫

প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন নিহত হয়েছেন।

রোববার (৩ আগস্ট) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার রামপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে মাধবপুরগামী একটি মোটরসাইকেল এবং মাধবপুর থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী আরেকটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। ওই সময় একটি সিএনজি চালিত অটোরিকশা দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটির ওপর উঠে গেলে মোটরসাইকেল আরোহী ৪ জন ও অটোরিকশা চালকের মৃত্যু হয়। এতে আরও ২জন আহত হন। পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম।

তিনি জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পাচজনের মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। মরদেহগুলো জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে।

তিনি আরও বলেন, আহতদের স্থানীয় ও ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।