এয়ার ইন্ডিয়া দুর্ঘটনা: বিধ্বস্ত হওয়ার আগে বন্ধ হয়েছিল জ্বালানি নিয়ন্ত্রণ সুইচ

প্রকাশিত: ১০:৪৫ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২৫

এয়ার ইন্ডিয়া দুর্ঘটনা: বিধ্বস্ত হওয়ার আগে বন্ধ হয়েছিল জ্বালানি নিয়ন্ত্রণ সুইচ

ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার ভয়াবহ বিমান দুর্ঘটনার পেছনে জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যাওয়াকে সম্ভাব্য কারণ হিসেবে চিহ্নিত করেছে তদন্ত সংস্থা।

বিমান দুর্ঘটনার তদন্তকারী সংস্থা ‘এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি)’র প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার ঠিক আগে এর জ্বালানি নিয়ন্ত্রণ সুইচ বন্ধ হয়ে গিয়েছিল। এর ফলে দুইটি ইঞ্জিনই হঠাৎ বন্ধ হয়ে যায়, যা নিয়ন্ত্রণ হারানোর কারণ হয়ে দাঁড়ায়।

ককপিটে পাইলটদের কথোপকথনের রেকর্ডিংয়ে এক পাইলটকে বিস্ময়ের সুরে বলতে শোনা গেছে, ‘তুমি বন্ধ করে দিলে কেন?’ জবাবে অপর পাইলট বলেন, ‘আমি কিছু করিনি।’

গত ১২ জুন আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই লন্ডনগামী ফ্লাইটটি একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়। এই মর্মান্তিক দুর্ঘটনায় ২৪২ জন আরোহীর মধ্যে কেবল একজন ব্রিটিশ নাগরিক ছাড়া সবাই নিহত হন।

এয়ার ইন্ডিয়ার একজন মুখপাত্র জানিয়েছেন, ঘটনার তদন্তে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সম্পূর্ণ সহযোগিতা করছে।

এএআইবি জানিয়েছে, দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এখনো চলমান রয়েছে এবং চূড়ান্ত প্রতিবেদন প্রকাশের পর দায়-দায়িত্ব নির্ধারণ করা হবে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট