কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২০২৭ সালের ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। আগামী ১৫ নভেম্বর থেকে শুরু হয়ে ১০ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন করা যাবে। এবার কুমিল্লার পাশাপাশি চট্টগ্রাম এবং রাজশাহীতেও পরীক্ষা কেন্দ্র রাখা হবে বলা জানা গেছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম।

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার এমদাদুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫ ফেব্রুয়ারি ‘এ’ ইউনিটের (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ) ভর্তি পরীক্ষা সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। ৬ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিটের (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদ) পরীক্ষা বিকেল ৩টায় এবং ৭ ফেব্রুয়ারি ‘সি’ ইউনিটের (বিজনেস স্টাডিজ অনুষদ) পরীক্ষা সকাল ১১টায় অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষায় অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীরা ১৫ নভেম্বর ২০২৬ থেকে ১০ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিক্ষার্থীদের সুবিধার্থে কুমিল্লার পাশাপাশি চট্টগ্রাম ও রাজশাহীতে ভর্তি পরীক্ষার কেন্দ্র রাখা হবে।

রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান মজুমদার বলেন, আগামী ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি স্নাতক ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের যাতায়াত ও নিরাপত্তা ভোগান্তি কমাতে কুমিল্লার পাশাপাশি চট্টগ্রাম ও রাজশাহীতে কেন্দ্রের ব্যবস্থা করা হবে।