২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৮ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০১৭
দীর্ঘ নীরবতার পর আবারো কর্মসূচি নিয়ে রাজপথে সরব হচ্ছে প্রধান বিরোধী দল বিএনপি। নতুন সিদ্ধান্তের বিষয়ে জানাতে আজ সোমবার দুপুর ১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসছে দলটি। আসতে পারে কর্মসূচির ঘোষণাও।
রবিবার দিবাগত রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে বেশ কিছু বিষয়ে নীতিগত সিদ্ধান্ত এবং নতুন পরিকল্পনা গ্রহণ করা হয়। রাত নয়টার দিকে শুরু হয়ে দু ঘণ্টা ধরে চলে বৈঠকটি।
বৈঠক শেষে অপেক্ষামান সাংবাদিকদেরকে বিএনপির পক্ষ থেকে জানানো হয়, সোমবার দুপুরে সংবাদ সম্মেলন করে স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানানো হবে। তবে প্রধানমন্ত্রীর ভারত সফরে দেশের স্বার্থ বিরোধী কোন চুক্তি হলে চলতি মাস থেকেই কর্মসূচি নিয়ে রাজপথে নামার পরিকল্পনা নেয়া হয়েছে, তা সোমবার ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে।
বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, লে জে (অব) মাহবুবুর রহমান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ড. আবদুল মঈন খান, তরিকুল ইসলাম, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ।বৈঠকে অংশ নেয়া এক প্রভাবশালী নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, সাম্প্রতিক অনেক বিষয়ই আলোচনা হয়েছে, তবে প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফরে কী হতে যাচ্ছে এবং সে বিষয়ে দলের কী করণীয়, সরকারের দমন নিপীড়ন, কুমিল্লা নির্বাচন ও তিন মেয়রের বরখাস্তের বিষয়, ছাত্রদল নেতাকে হত্যার বিষয়টি বেশি গুরুত্ব পেয়েছে।
তিনি আরো জনান, দেশের স্বার্থ বিরোধী কোনো চুক্তি হলে তার প্রতিবাদে কর্মসূচি দেওয়ারও নীতিগত সিদ্ধান্ত নিয়েছে তার দল। সফরের আগে তারা এ ধরনের কোনো চুক্তি না করতে সরকারের প্রতি আহ্বান জানাবেন।
আরেক নেতা জানান, ক্রমান্বয়ে বিএনপি বিভিন্ন বিষয়ে জনসম্পৃক্ততা বাড়ানোর পরিকল্পনা নিয়েছে। সরকারি নির্যাতন, হামলা-হামলার প্রতিবাদে কর্মসূচি দেয়া হবে। দেশব্যাপী কর্মসূচি দেয়া হবে মে মাস থেকে। এছাড়া তৃণমূল পর্যায়ের কমিটি পুনর্গঠনের বিষয়েও আলোচনা হয়। মহাসচিব এ বিষয়ে সর্বশেষ অবস্থা জানালে তৃণমূল কমিটিগুলোর দ্রুত পুনর্গঠনের তাগিদ দেওয়া হয়। সাংগঠনিক সমস্যাগুলো দ্রুত সমাধানের পরিকল্পনা নেয়া হয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য বলেন, বৈঠকে খালেদার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাসহ চলমান সব মামলার বিষয়েও বৈঠকে আলোচনা হয়। ছাত্রদল নেতা নুরুল আলম নুরু হত্যার নিন্দা জানিয়ে এর প্রতিবাদে কর্মসূচির দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। দলের স্থায়ী কমিটি মনে করেন, ফলাফল সন্তোষজনক। কারচুপি না হলে ব্যবধান অনেক বড় হতো। এ নির্বাচনে ইসি নিরপেক্ষতা বজায় রাখতে পারে নাই।
জানা গেছে, বৈঠকে ঢাকায় চলমান ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৩৬তম সম্মেলন নিয়েও আলোচনা হয়েছে। নেতারা বলেন, এ সংসদ ‘অনির্বাচিত’, যিনি এর প্রধান তিনিও অনির্বাচিত। তবে এ বক্তব্য তারা প্রকাশ করবেন কি না তা নিয়ে ধোঁয়াশা আছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D