২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৯ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২৫
বাংলাদেশে ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনসকে (এনফ্রেল) আশ্বস্ত করে তিনি বলেন, ‘আমরা নিশ্চিত করতে চাই, এই নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সেরা নির্বাচন হবে এবং দেশের গণতান্ত্রিক যাত্রায় একটি মাইলফলক হবে।’
আজ শনিবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে এনফ্রেল প্রতিনিধিদল সাক্ষাৎ করেন। প্রতিনিধিদলে ছিলেন এনফ্রেল- এর নির্বাহী পরিচালক ব্রিজা রোসালেস, বাংলাদেশ নির্বাচন ও গণতন্ত্র কর্মসূচির পরামর্শক মে বুটয়, ক্যাম্পেইন ও অ্যাডভোকেসির সিনিয়র প্রোগ্রাম অফিসার থারিন্দু আবেয়ারথনা, প্রোগ্রাম অফিসার আয়ান রহমান খান এবং প্রোগ্রাম অ্যাসোসিয়েট আফসানা অমি।
এনফ্রেল হলো এশিয়ায় নির্বাচনী গণতন্ত্র উন্নয়নে নিবেদিত একটি আঞ্চলিক সিভিল সোসাইটি নেটওয়ার্ক। গত দুই দশকেরও বেশি সময় ধরে সংস্থাটি নির্বাচন পর্যবেক্ষণ, গণতান্ত্রিক সংস্কার এবং নাগরিক সম্পৃক্ততা বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা রেখে আসছে।
বৈঠকে এনফ্রেল বাংলাদেশে চলমান বিভিন্ন কার্যক্রম তুলে ধরে, বিশেষ করে নাগরিক নেতৃত্বাধীন স্বাধীন নির্বাচন পর্যবেক্ষণ পুনর্গঠনে তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করে।
প্রতিনিধিদলটি অংশীজন ম্যাপিং এবং প্রয়োজনীয়তা নিরূপণের উদ্যোগ নিয়েও আলোচনা করে, যা নাগরিক সমাজের সম্পৃক্ততা জোরদার ও নির্বাচনী স্বচ্ছতা বৃদ্ধির সুযোগ চিহ্নিত করতে সহায়তা করবে।
প্রধান উপদেষ্টার সাথে সংলাপে অংশ নেয়ার সুযোগ পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করে এনফ্রেল এবং বাংলাদেশে একটি স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানে অংশীজনদের সাথে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D